পঞ্জিকায় নতুন বছরের বার্তা!
এল নতুন একটি বছর। নতুন বছরের দিনগুলো শুভ হবে—এমনটাই কামনা করেন সবাই। কেমন যাবে আপনার এ বছরটি? বছরের কোন দিনটি আপনার জন্য বেশি শুভ? কিংবা দূরযাত্রার জন্য কোন দিন মঙ্গলজনক? আপনার রাশিতে আজ গ্রহ-নক্ষত্রের কতটা প্রভাব রয়েছে?—এসব তথ্য জানতে অনেকেরই আগ্রহ আছে। আর সে জন্য দেখতে হবে পঞ্জিকা। এটি বাঙালিদের অনেক পুরোনো রেওয়াজ। এমন অনেকেই আছেন, যাঁদের প্রতিটি দিন শুরু হয় পঞ্জিকার পাতায় কী লেখা আছে তা দেখে। পঞ্জিকার বাইরে গিয়ে তাঁরা যেন কিছুই করতে চান না! পঞ্জিকায় বাংলা, ইংরেজি, হিজরি বছরের বা চান্দ্রমাসের হিসাব থাকে। পঞ্জিকায় যা যা থাকেপঞ্জিকায় দিনপঞ্জি, শুভদিনের নির্ঘণ্ট, ব্যক্তিগত লগ্নফল, জোয়ার-ভাটা, চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ, বেলা নির্ণয়, বৃষ্টি গণনা, লগ্ন পরীক্ষা, স্বপ্নতত্ত্ব, খনার বচন, জ্যোতিষবিজ্ঞান, রাশিফল, নামাজ-রোজার সময়সূচিসহ অনেক কিছুই থাকে। এমনকি এতে লতাপাতার গুণ, আয়ুর্বেদিক চিকিৎসা, কৃষিবিষয়ক তথ্যসহ দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় অনেক কিছুই দেওয়া থাকে। ঢাকার বাংলাবাজারের পঞ্জিকা বিক্রেতা গোপাল চন্দ্র দেবনাথ জানান, অনেকে পঞ্জিকাকে আদর্শ মেনে কাজকর্ম করে থাকেন। প্রায় সব ধর্মের লোকজনই পঞ্জিকা কিনে নিয়ে যান এবং তা অনুসরণ করে থাকেন।গোপাল চন্দ্র দেবনাথ আরও জানান, ঘর থেকে বের হওয়ার আগেও অনেকে পঞ্জিকা দেখে বের হন। তবে এটা কেউ বিশ্বাস করেন, কেউ করেন না।ঢাকার কেরানীগঞ্জের বাসিন্দা মিজানুর রহমান একজন ব্যবসায়ী। তিনি এসেছিলেন বাংলাবাজারে ১৪১৮ সালের পঞ্জিকা কিনতে। তিনি বলেন, ‘বাংলা নতুন বছরের শুরুতে এখান থেকে পঞ্জিকা কিনে নিয়ে যাই। আমাদের বাসার সবাই এই পঞ্জিকা দেখে বিভিন্ন কাজ শুরু করে।’ বিভিন্ন দিনক্ষণ দেখা, চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ, কোনো কাজ শুরু করার জন্য দিনটি শুভ না অশুভ—এসব দেখার জন্য পঞ্জিকা অনুসরণ করেন মিজানুর রহমান।নানা ধরনের পঞ্জিকানতুন বছর উপলক্ষে এখন থেকেই বাজারে ১৪১৮ সালের পঞ্জিকা পাওয়া যাচ্ছে। যেসব পঞ্জিকা পাওয়া যায় তার মধ্যে আছে লোকনাথ ডাইরেক্টরি পঞ্জিকা, নবযুগ ডাইরেক্টরি পঞ্জিকা, মোহাম্মদিয়া পকেট পঞ্জিকা ও সুদর্শন ডাইরেক্টরি পঞ্জিকা প্রভৃতি। লোকনাথ ডাইরেক্টরি পঞ্জিকা প্রকাশ করে থাকে ঢাকার বাংলাবাজারের লোকনাথ বুক এজেন্সি। বাজারে ছোট-বড় পাঁচ ধরনের লোকনাথ ডাইরেক্টরি পঞ্জিকা পাওয়া যায় বলে জানান পঞ্জিকা বিক্রেতারা।দেশের প্রায় সব বইয়ের দোকানে এসব পঞ্জিকা পাওয়া যায়। ঢাকার বাংলাবাজার পঞ্জিকার একটি বড় বাজার। এ ছাড়া নীলক্ষেত, নিউমার্কেট, যাত্রাবাড়ী, গুলিস্তান, শাঁখারীবাজারসহ বিভিন্ন স্থানে পঞ্জিকা পাওয়া যায়। ১০ থেকে ১০০ টাকার মধ্যে এসব পঞ্জিকা পাওয়া যাবে। চাইলে আজই একটি পঞ্জিকা সংগ্রহ করতে পারেন। আর বাংলা নববর্ষ শুরু করতে পারেন নতুন এক উদ্যমে!