কানাডার ইউনিভার্সিটি অব আলবার্টায় আসার পর এখানকার ইন্টারন্যাশনাল সেন্টারে যাতায়াত শুরু করলাম। খুব ভালো লাগে বিভিন্ন দেশের মানুষের সঙ্গে কথা বলতে। বিশেষ করে ভালো লাগে কর্তাশ্রেণীর মানুষের আন্তরিক ও বন্ধুত্বপূর্ণ আচরণ। একদিন শুনলাম, এই ইন্টারন্যাশনাল সেন্টারে ‘পটলাক পার্টি’ হবে। শব্দটা প্রথম শুনলাম। জানতে পারলাম, এর অর্থ হলো, এই পার্টিতে সবাই নিজ থেকে কিছু না-কিছু খাবার (কমপক্ষে পাঁচজন খেতে পারে, এমন পরিমাণ) নিয়ে আসতে হবে। এবং খাবার অবশ্যই হতে হবে নিজের দেশীয়। চিন্তায় পড়ে গেলাম, কী নিয়ে যাওয়া যায়! সবচেয়ে বড় চিন্তা, এই মসলাযুক্ত বাংলাদেশি খাবার বিভিন্ন দেশের মানুষ খেতে পারবে তো? শেষে কারও পেটের অসুখ হলে আমি পড়ব বিপাকে! অনেক চিন্তাভাবনার পর অবশেষে ‘চিকেন বিরিয়ানি’ আর ‘চিংড়ি’ রান্না করার সিদ্ধান্ত নিলাম। নির্ধারিত দিনে দুটি পাত্রে রান্না করা দুটি পদ নিয়ে হাজির হলাম। বিভিন্ন দেশের বিভিন্ন রকম খাবার। ইরানি এক দম্পতি এক বিশেষ ধরনের কেক বানিয়ে এনেছেন, যে কেকের ওপর আবার বিশেষ প্রতিবেদন ছাপা হয়েছিল কানাডার এক পত্রিকায়। কেকের সঙ্গে সেই পত্রিকার একটা কপি। আমি দুশ্চিন্তায় আমার দুটি আইটেমে ট্যাগ করব, না করব না করেও লিখলাম, ‘চিকেন বিরিয়ানি—বাংলাদেশ’ ও ‘স্পাইসি শ্রিম্প—বাংলাদেশ’।খাওয়া শুরু হলো। আমি আমার দুই আইটেমের চিন্তায় কিছু খেতে পারি না। খানিক পর অবাক হয়ে লক্ষ করলাম, টেবিলে রাখা অসংখ্য খাবারের মধ্যে ইরানি দম্পতির সেই বিখ্যাত কেক আর আমার চিংড়ি—এই দুটি আইটেম কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে গেল। বিরিয়ানিটারও বেশ ভালো চাহিদা দেখতে পেলাম। এই চিংড়ি নিয়ে কয়েকজনের সঙ্গে আমার কথোপকথন এখানে উল্লেখ করলাম।প্রথম কথোপকথন: (ইন্টারন্যাশনাল সেন্টারের এক কর্মকর্তার স্ত্রীর সঙ্গে)ভদ্রমহিলা: এই রান্না করা চিংড়িটা কোন রেস্টুরেন্ট থেকে নিয়ে এসেছ?আমি: এই এডমন্টন শহরে কোনো বাংলাদেশি রেস্টুরেন্ট নেই। আমি নিজে রান্না করেছি।ভদ্রমহিলা: (বিস্ময় নিয়ে) তুমি নিজে রান্না করেছ?আমি: (লজ্জিত হাসি নিয়ে) জি!ভদ্রমহিলা: এত সুন্দর গন্ধ হলো কীভাবে?আমি: এটা আমাদের দেশের মসলা দিয়ে রান্না করা, তাই।ভদ্রমহিলা: আর এই সবুজ পাতাগুলো কী?আমি: ধনেপাতা।ভদ্রমহিলা: তোমাদের সব রান্নাই কি এমন মজার?আমি: (প্রসারিত হাসি) আমি ভালো রান্না করতে পারি না। আমাদের দেশের মেয়েদের রান্না অনেক বেশি ভালো। এটা সে তুলনায় কিছুই নয়!ভদ্রমহিলা: (সঙ্গে সঙ্গে একটা কাগজে কিছু লিখে আমার দিকে বাড়িয়ে দিয়ে) এটা আমার ই-মেইল অ্যাড্রেস। তুমি কি একটু কষ্ট করে আমাকে এই রেসিপিটা পাঠিয়ে দিতে পারবে? খুব খুশি হব।আমি: (বিস্ময়ে হতবাক!)দ্বিতীয় কথোপকথন: (একজন ছাত্রের বাবা, যিনি তিউনিশিয়া থেকে ছেলের সঙ্গে দেখা করতে এক সপ্তাহের জন্য কানাডা এসেছেন। ভদ্রলোক ভালোভাবে ইংরেজি বলতে পারেন না। তাঁর বলা আরবি কথাগুলো তাঁর ছেলে আমার জন্য ইংরেজিতে অনুবাদ করে দিচ্ছিল।)ভদ্রলোক: আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার; তিউনিশিয়ায় সরকারি চাকরি করি।আমি: শুনে খুশি হলাম।ভদ্রলোক: আমাদের দেশে অনেক সামুদ্রিক মাছ বা চিংড়ি আছে; কিন্তু সেগুলো খেতে এত মজার হয় না।আমি: (নীরব হাসি)ভদ্রলোক: আমার একটা প্রস্তাব আছে। আমি একটা রেস্টুরেন্ট দেব। সব খরচ আমার, তুমি থাকবে রান্নার দায়িত্বে। তুমি কি রাজি? আমি কিন্তু সিরিয়াস!আমি: (আবারও বিস্ময়ে হতবাক!)মো. জিয়াউর রহমান, ইউনিভার্সিটি অব আলবার্টা, কানাডা