
কয়েক দিনের টানা বৃষ্টিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া অংশের ২৬ কিলোমিটার অংশে খানাখন্দ ও গর্তের সৃষ্টি হয়েছে। এসব ছোট-বড় গর্তে বৃষ্টির পানি জমে আছে। এ কারণে সড়কটি দিয়ে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) সূত্রে জানা গেছে, চট্টগ্রাম-কক্সবাজার মহাড়কের পটিয়া অংশের হচ্ছে দৈর্ঘ্য ২৬ কিলোমিটার। এর বিভিন্ন অংশে খানাখন্দ ও গর্তে ভরা। সড়কের এ অংশ পার হতে চট্টগ্রাম ও কক্সবাজারমুখী গাড়িগুলোর দীর্ঘ সময় লেগে যায়। এ কারণে দেখা দেয় সীমাহীন যানজট।
ঈদের আগে মহাসড়কের সৃষ্ট খানাখন্দ তড়িঘড়ি করে ইটের খোয়া ও বালু ফেলে ভরাট করা হয়েছিল। কিন্তু গত কয়েক দিনের বৃষ্টিতে ইট ও বালু সরে গিয়ে সড়কটি আগের চেয়ে আরও বেশি খারাপ হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, খানাখন্দ ও ছোট-বড় গর্তের কারণে যানবাহনগুলো ফুটপাতে উঠে আসছে। অনেক গাড়ি গর্তে আটকে পড়ে বিকল হয়ে আছে। এ কারণে পথচারীরাও ওই পথ দিয়ে হাঁটতে নিরাপদ বোধ করেন না।
পটিয়া পৌরসভার মেয়র হারুনুর রশিদ বলেন, সড়কের বিভিন্ন স্থানে যেভাবে গর্ত হয়েছে, তাতে সড়কের কোনো অস্তিত্ব আছে বলে মনে হয় না। সংস্কারকাজ নিম্নমানের হওয়ায় সড়কের এই হাল হয়েছে।
এলাকার বাসিন্দারা জানান, এ মহাসড়ক দিয়ে কক্সবাজার-ঢাকা, চট্টগ্রাম-কক্সবাজার ও বান্দবান এলাকার শত শত যাত্রিবাহী গাড়ি ও মালবোঝাই ট্রাক চলাচল করে।
বাসচালক মোহাম্মদ মিয়া বলেন, গর্ত ও খানাখন্দ দেখে এটিকে এখন মহাসড়ক বলে মনে হয় না। গাড়ির চাকা গর্তে পড়ে যন্ত্রাংশ যেমন নষ্ট হচ্ছে, তেমনি ধীরগতিতে গাড়ি চালাতে হয়। এতে মইজ্যারটেক থেকে পটিয়া আসতে যেখানে আধা ঘণ্টা সময় যেত, সেখানে বর্তমানে দুই ঘণ্টার বেশি সময় লাগে।
পটিয়া ট্রাফিক সার্জেন্ট (এসআই) রফিক আহমদ মজুমদার বলেন, মহাসড়কের গর্তে আটকে যাওয়ার কারণে যানবাহনের গতি কমে যায়। এ কারণে মহাসড়কে প্রায় সময় যানজট ও দুর্ঘটনা ঘটছে।
সওজের পটিয়া উপবিভাগীয় প্রকৌশলী মোসলেহ উদ্দিন চৌধুরী সড়কের বেহাল অবস্থার কথা স্বীকার করে বলেন, বিটুমিনের শত্রু পানি। সড়কে পানি জমলেই বিটুমিন উঠে যায়। তাই সড়কটি অলিম্বে সংস্কার করা জরুরি। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বরাদ্দ চাওয়া হয়েছে।