পটিয়া কলেজে দুর্নীতিবিরোধী শপথ
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সহযোগী সংগঠন ইয়েস ফ্রেন্ডস পটিয়ার উদ্যোগে ২৬ আগস্ট দুপুরে পটিয়া সরকারি কলেজে ‘তথ্য অধিকার আইন-২০০৯–এর বাস্তবায়ন ও দুর্নীতি প্রতিরোধ’ শীর্ষক সভা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী শপথবাক্য পাঠ করোনো হয়।
কলেজ মিলনায়তনে উপাধ্যক্ষ সজল কান্তি পালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ এ এন এম ইউসুফ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সহযোগী অধ্যাপক পার্থ সারথি সোম। স্বাগত বক্তব্য দেন সহযোগী অধ্যাপক আবদুস সালাম হাওলাদার। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাংবাদিক আবদুর রাজ্জাক, ইয়েস ফ্রেন্ডস দলনেতা মো. ফরহাদ ইসলাম, কলেজের শিক্ষার্থী কামাল উদ্দীন, নয়ন শর্মা প্রমুখ। সভায় তথ্য অধিকার আইন সম্পর্কে অবহিত করেন টিআইবি পটিয়ার আঞ্চলিক ব্যবস্থাপক এ জি এম জাহাঙ্গীর আলম। পরে কলেজের অধ্যক্ষ শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী শপথবাক্য পাঠ করান।