পটিয়া: সমস্যা ও সম্ভাবনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১ সেপ্টেম্বর প্রথম আলোর আয়োজনে ‘পটিয়া: সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক পটিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত আলোচকদের বক্তব্য সংক্ষিপ্ত আকারে এই ক্রোড়পত্রে প্রকাশিত হলো

গোলটেবিল বৈঠকে আলোচকেরা
গোলটেবিল বৈঠকে আলোচকেরা

আলোচনা
বিশ্বজিৎ চৌধুরী: পটিয়া চট্টগ্রামের একটি সমৃদ্ধ জনপদ। শিক্ষা, ব্যবসা-বাণিজ্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সব দিক থেকে এ অঞ্চল অগ্রগামী। তবে এখানে যে উন্নয়ন হওয়ার দরকার ছিল তা হয়নি। আমরা দেখি, দেশের সব মহকুমাকে জেলা হিসেবে ঘোষণা করা হলেও সাবেক মহকুমা পটিয়াকে করা হয়নি। ফলে এটি উপজেলাতেই থেকে গেল। সবার উন্নতি হলেও পটিয়ার কেন হয়নি, তা আলোচকেরা ভালো বলতে পারবেন। আপনারা পটিয়ার সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরবেন। আমরা প্রতিবেদন প্রকাশের মাধ্যমে নীতি-নির্ধারকদের কাছে তা তুলে ধরব।

শ্যামল দে: পটিয়াকে ১৯৭৫ সালে জেলা হিসেবে ঘোষণা করা হয়। সব অবকাঠামো থাকার পরও এই ঘোষণা এখনো বাস্তবায়িত না হওয়ায় পটিয়ার কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। বর্তমানে ত্রিমুখী শাসন ও বহুমুখী সংকটের মধ্যে চলছে পটিয়া। পটিয়ার কিছু ইউনিয়ন নিয়ে আলাদা উপজেলা করার চিন্তাভাবনা চলছে বলে শুনেছি। এভাবে দিন দিন ক্ষয়িষ্ণুর দিকে যাচ্ছে পটিয়া।
পটিয়ার প্রাকৃতিক সম্পদ উত্তোলন করা হলে এই অঞ্চলের গ্যাস–সংকটের সমাধান হবে। শ্রীমতী খালে রাবার ড্যাম নির্মাণ করা হলে কৃষির সমস্যা অনেকটা দূর হবে। পটিয়া পল্লী বিদ্যুৎ সমিতির অনিয়ম চরম আকার ধারণ করেছে। মিটার কেনার পরও প্রতি মাসে ১০ টাকা হারে ভাড়া আদায় করা হচ্ছে গ্রাহকদের কাছ থেকে। অভিযোগকেন্দ্রে অভিযোগ করেও কোনো সুফল পাওয়া যাচ্ছে না।
এদিকে পটিয়ার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো গণতান্ত্রিক প্রক্রিয়ায় চলছে না। সেখানে ব্যবস্থাপনা কমিটিগুলো কার্যকর না থাকায় বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে।
এ ছাড়া চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া অংশ অত্যন্ত সরু। ফলে পটিয়া পৌর এলাকায় নিয়মিত যানজট হয়। বাইপাস সড়ক না হওয়ায় এই সমস্যা থেকেই যাচ্ছে।

আশিষ চৌধুরী: দক্ষিণ চট্টগ্রামের প্রথম আদালত স্থাপন করা হয় পটিয়ায়। ১৮৮২ সালে নির্মিত পটিয়ার মুনসেফ কোর্টের অবস্থা বর্তমানে খুবই নাজুক। বৃষ্টির পানিতে আদালতের মূল্যবান নথি নষ্ট হচ্ছে। উইপোকার উপদ্রবও আছে। ১৯৮৫ সালে এটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। ছয়তলা ভিতযুক্ত তিনতলা ভবন নির্মাণের জন্য ২০ কোটি টাকার একটি প্রস্তাব বাস্তবায়নে আইন মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয়কে চিঠি দেয়। গণপূর্ত বিভাগ ১০ কোটি টাকার মধ্যে নকশা জমা দিতে বলে। পরে সংশোধন করে প্রকল্প পাঠানো হলেও আর কোনো অগ্রগতি হয়নি।
পটিয়ার সাতটি আদালতের কয়েকটিতে ৩০ বছর ধরে বিচারক ছিলেন না। এখানে কর্মকর্তার সংকট আছে। আবাসন সংকটও প্রকট। এসব সংকটের কারণে বিচারকেরা তিন বছর পূর্ণ হওয়ার আগেই বদলি হয়ে চলে যান। এই সংকট নিরসনের জন্য জাজেস কমপ্লেক্স নির্মাণ করতে হবে। বিচারকদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে হবে।

মোহাম্মদ হাসান মাহমুদ: সম্প্রতি বিভিন্ন কারণে পটিয়ায় খাবার পানির সংকট তীব্র হয়ে উঠেছে। তিন শতাধিক নলকূপের মধ্যে ১৮৫টিতে পানি ওঠে না। ৩৯টি একেবারে বন্ধ হয়ে গেছে। বিশেষজ্ঞদের দিয়ে এর কারণ খঁুজে বের করা দরকার।
পটিয়ায় পরিবেশ বিপর্যয় হচ্ছে। বিভিন্ন শিল্প-কারখানার বর্জ্য খালগুলোতে নিক্ষেপ করা হয়। খালের মাছ মরে যাচ্ছে। আবার অনেক ক্ষেত্রে বর্জ্য সরাসরি জমিতে ফেলা হয়। এতে সেচ ব্যবস্থা ও ধানের চারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে পটিয়ার আবাসন ব্যবস্থা। এই কারণে এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।
এ ছাড়া এলাকায় মাদক ব্যবসার বিস্তার ঘটছে। কয়েকজন চিহ্নিত ব্যবসায়ী এই ব্যবসার সঙ্গে জড়িত। মাদক ব্যবসায়ীদের দাপটে এলাকাবাসী মুখ খুলতে সাহস করেন না। মাঝেমধ্যে পুলিশ গ্রেপ্তার করলেও কিছু দিনের মধ্যেই জামিন নিয়ে বেরিয়ে আসেন মাদক ব্যবসায়ীরা।

পারভীন আক্তার: কয়েক মাস ধরে পটিয়ায় নারী নির্যাতনের ঘটনা বেড়েছে। অনেক ক্ষেত্রে প্রশাসনকে বলেও এর প্রতিকার পাওয়া যাচ্ছে না। আবার অনেক ঘটনায় উল্টো প্রতিবেদন দেওয়ার ঘটনাও ঘটছে। এসব ঘটনায় নির্যাতিত মহিলাদেরকে অর্থের অভাবে হাসপাতালে ভর্তি করা যাচ্ছে না। তাঁরা থানায় গিয়েও বিচার পাচ্ছেন না। এমনিতেই তাঁদের মধ্যে সচেতনতা ও শিক্ষার অভাব রয়েছে। এ ছাড়া এখানে বিনা মূল্যে আইনি সহায়তা দেওয়ার মতো কোনো প্রতিষ্ঠান নেই। পটিয়ায় লিগ্যাল এইডের শাখা চালু করা দরকার। প্রশাসন যদি অসহায় এসব নারীর পাশে দাঁড়ায় ও তাঁদের সহযোগিতা করে তাহলে নির্যাতনের ঘটনা অনেক কমে যাবে। নির্যাতিত নারীদের স্বনির্ভর করে তুলতে হবে। তাঁদের হাতে-কলমে বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া যেতে পারে। ইতিমধ্যে আমাদের সংগঠন থেকে ১১০ জনকে প্রশিক্ষণের মাধ্যমে স্বনির্ভর করা হয়েছে।

সাইফুল ইসলাম: এতক্ষণ ধরে পটিয়ার বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। আমি এখন এই অঞ্চলের বেশ কিছু সম্ভাবনার কথা তুলে ধরতে চাই। শিক্ষার হার অনেক এগিয়েছে। মাতৃমৃত্যুর হার কমেছে। এখানে মৎস্য, দুগ্ধ, লবণশিল্প গড়ে উঠেছে। পরিকল্পিতভাবে কাজ করলে পর্যটনশিল্প বিকাশের বিশাল সম্ভাবনা রয়েছে। ক্রীড়াঙ্গনের বিভিন্ন শাখায় বিশেষ করে ফুটবল, ক্রিকেট ও অ্যাথলেটিকসে পটিয়ার খেলোয়াড়রা ভালো পারফরম্যান্স করছেন।


এ ছাড়া দেশের বিভিন্ন এলাকার তুলনায় এখানে রাজনৈতিক সহাবস্থানের পরিবেশ চমৎকার। রাজনৈতিক হানাহানি নেই। সহিংসতাও খুব একটা হয় না। তবে এখানে উচ্চতর শিক্ষার সুযোগ কম। পর্যাপ্ত কলেজ নেই। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষক স্বল্পতা রয়েছে। লোডশেডিংয়ের কারণে শিক্ষার্থীদের প্রতিদিন ভোগান্তি পোহাতে হয়। পয়ঃনিষ্কাশন ব্যবস্থা বিরাট সমস্যা। এটি আরও অনেক উন্নত করতে হবে।

নাজিম উদ্দিন হায়দার: পটিয়ায় বিসিক শিল্প এলাকা রয়েছে। ইন্দ্রপুল এলাকায় লবণের কারখানার রয়েছে। আন্তর্জাতিক মানের জাহাজ তৈরি হচ্ছে এখানে। পটিয়াকে জেলা ঘোষণার সিদ্ধান্ত পরিপূর্ণভাবে বাস্তবায়িত হলে এখানকার চেহারা পাল্টে যেত। পটিয়ার অর্থনৈতিক সম্ভাবনার জন্য একে অর্থনৈতিক অঞ্চল ঘোষণা করা যায়। পশ্চিম পটিয়ার পাঁচটি ইউনিয়নের বাসিন্দারা দীর্ঘদিন ধরে ত্রিমুখী প্রশাসনের চাপে জর্জরিত। চট্টগ্রাম সিটি করপোরেশন এই পাঁচটি ইউনিয়নকে নিজেদের সীমানাভুক্ত করার চেষ্টা করছে। আমরা এর থেকে মুক্তি চাই।
পটিয়ায় প্রায় ৫০০টি দুগ্ধ খামার রয়েছে। কিন্তু প্রক্রিয়াজাতকরণ জটিলতায় সারা দেশে দুধ পরিবহন করতে পারছি না। একটি দুগ্ধ শীতলীকরণ কারখানা রয়েছে। ওই কারখানায় তিন দিন দুধ রাখা যায়। হরতাল-অবরোধের সময় আমাদের ব্যবসা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। এখানে একটি পূর্ণাঙ্গ শীতলীকরণ কারখানা চালু করতে হবে।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) কর্ণফুলী আবাসিক এলাকা প্রকল্প দীর্ঘদিন ধরে বাস্তবায়ন করেনি। ফলে এলাকাটি এখন সন্ত্রাসের আখড়ায় পরিণত হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত করা না হলে দুগ্ধ খামারিদের বাথান হিসেবে বরাদ্দ দেওয়া হোক।

জয় দত্ত বড়ুয়া: পটিয়ার ছয় লাখ লোকের জন্য মাত্র ৩১ শয্যার একটি হাসপাতাল রয়েছে। ৫০ শয্যা লেখা থাকলেও বরাদ্দ পাওয়া যায় মাত্র ৩১ শয্যার। হাসপাতালের অবকাঠামোর অভাব রয়েছে। হাসপাতালের দোতলার কাজ অর্ধেক করে ফেলে রাখা হয়েছে। খাবার পানির সংকট রয়েছে হাসপাতালে। দর্শনার্থীদের কারণে হাসপাতালের পরিবেশ নষ্ট হচ্ছে। এই অবস্থায় হাসপাতালের স্বাস্থ্যসেবার মান কীভাবে উন্নত করা যাবে?
তবে আশার কথা হচ্ছে বর্তমানে এই হাসপাতালে চিকিৎসক সংকট নেই। এখন ২৮ জন চিকিৎসক রয়েছেন। এদিকে পটিয়ার দুটি ফিডার লাইনের সংযোগ হাসপাতালে দেওয়া হলে আর জেনারেটর চালাতে হবে না। জেনারেটর থাকলেও তার জন্য জ্বালানি তেলের বরাদ্দ নেই। অ্যাম্বুলেন্স ও বিভিন্ন তহবিল থেকে জ্বালানি তেলের খরচ মেটানো হয়।
হাসপাতালের জন্য নতুন অ্যাম্বুলেন্স প্রয়োজন। ডিজিটাল এক্স-রে যন্ত্র আছে কিন্তু এটি চালানোর জন্য লোকবল নেই। অবেদনবিদের অভাবে পটিয়ায় এখন রাতের বেলায় অস্ত্রোপচার করা সম্ভব হয় না।
দক্ষিণ চট্টগ্রামের প্রথম স্বাস্থ্যকেন্দ্র পটিয়া ইউনিয়ন সাব-সেন্টারের ভূমি জেলা পরিষদ তাদের নিজস্ব সম্পত্তি বলে দাবি করছে। এই জায়গায় ট্রমা সেন্টার কিংবা মাতৃসদন হাসপাতাল চালু করা যেতে পারে।

পংকজ চক্রবর্তী: ছাত্রজীবন থেকে শুনে এসেছি, পটিয়া জেলা হবে। এই সময়ে এসে এখন আর সে স্বপ্ন দেখি না। রাজনৈতিক নেতৃত্বের দুর্বলতায় জেলা ঘোষণার সিদ্ধান্ত বাস্তবায়িত হয়নি।
পটিয়ার অনেক ইউনিয়নে শিক্ষার মান খারাপ হয়েছে। তাই উপজেলা সদরের বিদ্যালয়ে ভর্তির চাপ বাড়ছে। এ ছাড়া ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রগুলোতে চিকিৎসকদের উপস্থিতি সন্তোষজনক নয়। পটিয়ার প্রত্যেকটি ইউনিয়নে মাদকের বিস্তার ঘটেছে। ইয়াবা পাচারে রুট হিসেবে ব্যবহার করা হচ্ছে পটিয়াকে।
ইউনিয়নগুলোতে সাংস্কৃতিক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে। এলাকার ভালো মানের পাঠাগার নেই।
ব্রিটিশবিরোধী আন্দোলনে প্রায় ৫০ বিপ্লবীর জন্ম হলেও তাঁদের তথ্য-উপাত্ত কেউ দিতে পারে না। মহান মুক্তিযুদ্ধে পটিয়া থেকে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধা ও শহীদদের পূর্ণাঙ্গ তালিকা নেই।
পটিয়ার সমস্যা সমাধানে সবাইকে ঐক্যমতের ভিত্তিতে কাজ করতে হবে। ঐতিহ্য সমৃদ্ধ এই অঞ্চলকে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে হলে এর বিকল্প নেই।

আ ক ম শামসুজ্জামান চৌধুরী: পটিয়ায় একসময় সুশাসন ছিল না। পুরো এলাকা বিধ্বস্ত ছিল। এখন এলাকার রাজনৈতিক ও সাংস্কৃতিক সচেতন মানুষ এগিয়ে এসেছেন। আমরা সবাই পটিয়ার উন্নয়নে ঐক্যবদ্ধ। রাজনৈতিক হানাহানি বন্ধ হয়েছে। প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলোর নেতা-কর্মীদের অহেতুক মামলা দেওয়া হয়নি। এখন এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় আছে।
চট্টগ্রাম সিটি করপোরেশন পশ্চিম পটিয়ার পাঁচটি ইউনিয়ন নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে। নতুন থানাও গঠনের প্রক্রিয়া চলছে। এসব ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমাদের আপত্তির কথা জানিয়ে দিয়েছি।
মামলার কারণে দীর্ঘদিন ধরে পটিয়া বাইপাস সড়কের নির্মাণকাজ আটকে ছিল। এখন পুনরায় এই সড়ক নির্মাণের প্রক্রিয়া শুরু হয়েছে। এ জন্য পুনঃ দরপত্র আহ্বান করা হবে। বেড়িবাঁধ নির্মাণে দরপত্র আহ্বান করা হয়েছে। এক মাসের মধ্যে এর নির্মাণকাজ শুরু হবে।
দক্ষিণ চট্টগ্রামের সাত থানার মানুষ একমত হলে জেলা হবে। কিছু লোকের উগ্র ও একগুঁয়ে চিন্তাভাবনার কারণে তা সম্ভব হচ্ছে না। এই জেলার নাম হতে পারে দক্ষিণ চট্টগ্রাম। এর সদর হবে পটিয়া। দলমত-নির্বিশেষে সবাই চেষ্টা করলে পটিয়ার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা সম্ভব হবে।

রোকেয়া পারভীন: পটিয়ায় কৃষি ও শিল্পের বিকাশ ঘটেছে। এখানে ১৪ হাজার ৫০০ হেক্টর চাষাবাদযোগ্য জমি রয়েছে। ৪০টি লবণের কারখানা রয়েছে। দুগ্ধ খামার রয়েছে পাঁচ শতাধিক। মুরগির খামার রয়েছে ৪৬৩টি। এই অঞ্চলের মাছের পোনা সারা দেশে যায়। মাছের একটি হাট গড়ে উঠেছে। সেখানে প্রচুর বেচাকেনা হয়। কৃষি খাতের এই বিকাশের সুফল পাচ্ছে সবাই।
তবে পয়োঃনিষ্কাশন ব্যবস্থা খুবই দুর্বল, যা পটিয়ার মূল সমস্যা। পশ্চিম পটিয়ার পাঁচটি ইউনিয়নে ভারী ও মাঝারি মানের শিল্প গড়ে উঠেছে। এতে ওই সব এলাকায় খাবার পানির সংকট দেখা দিয়েছে। পানি–সংকটের কারণে উপজেলার বিভিন্ন এলাকায় তিন বারের বদলে একবার চাষাবাদ করা হচ্ছে। উপজেলায় স্লুইস গেট ও কালভার্টগুলো নির্মাণ করা হয়েছে ১৯৫৮ সালের আগে। জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে। ফলে ছয় ফুট উচ্চতার স্লুইস গেটগুলো কার্যকর হচ্ছে না।
পটিয়ার শিল্পপ্রতিষ্ঠানগুলোর কারণে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। এসব শিল্পপ্রতিষ্ঠানের প্রায় প্রত্যেকটিতে ইটিপি রয়েছে। কিন্তু এসব ব্যবহার করা হয় না। ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় মালিকপক্ষ তা চালু করে, অন্য সময় বন্ধ থাকে। এসব শিল্পপ্রতিষ্ঠানে ইটিপি কীভাবে নিয়মিত ব্যবহার করা যায়, তা চেষ্টা করছি।
বিসিক শিল্প এলাকায় প্লটগুলো বরাদ্দ নিয়ে খালি রাখায় তা বাতিল করা হচ্ছে। ইতিমধ্যে বরাদ্দপ্রাপ্ত ব্যক্তিদের নোটিশ দেওয়া হয়েছে। কিছু প্লট বাতিল করা হয়েছে। এসব প্লট নতুন করে বরাদ্দ দেওয়া হয়েছে। জেলা হওয়ার জন্য পটিয়ায় যে অবকাঠামো দরকার তা নেই। জেলার অপেক্ষায় থাকতে থাকতে উপজেলার অবকাঠামো থেকেও বঞ্চিত হয়েছে পটিয়া। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কারণে পটিয়া পৌরসভা এলাকায় নিয়মিত যানজট হয়। এখানে মহাসড়কটি একেবারে অপ্রশস্ত। চার লেন না হোক, অন্তত দুই লেন হলেও তা হবে পটিয়ার মানুষদের জন্য আশীর্বাদ। উপজেলা পরিষদের আয়ের মূল উৎস স্থানীয় হাটবাজারের ইজারা থেকে প্রাপ্ত অর্থ। যানজট নিরসনের জন্য এসব হাট অন্যত্র সরানো প্রয়োজন। রোহিঙ্গারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে বলে শুনেছি। ভোটার তালিকা সংশোধনের সময় তাঁদের বাদ দেওয়া হবে।

হারুনুর রশিদ: পটিয়ার সমস্যা ও সম্ভাবনা নিয়ে এই ধরনের সৃজনশীল বৈঠক আয়োজনের জন্য প্রথম আলো পরিবারকে ধন্যবাদ। প্রাচীন জনপদ হিসেবে পটিয়া তার ঐতিহ্য কতটুকু ধরে রাখতে পেরেছে তা এখন প্রশ্নের বিষয়। আজকের আলোচনা সভায় অনেকগুলো সমস্যার কথা উঠে এসেছে।
পটিয়াকে জেলা ঘোষণার সম্ভাবনা বাড়ছে। শুধু ভৌগোলিক অবস্থান দেখে জেলা ঘোষণা করা হয় না। এর জন্য রাজনৈতিক ঐতিহ্য, কৃষি, ইতিহাস ও শিল্প-ঐতিহ্য দেখা হয়। পটিয়ার মানুষ তাঁদের দায়িত্ব পালন করেছে। তবে পটিয়ার সঙ্গে অবিচার করেছে রাজনীতি, রাষ্ট্র ও প্রশাসন।
পটিয়া পৌরসভা হয়েছে ১৯৯০ সালে। পৌরসভার আয়তন মাত্র ১০ দশমিক ৩ বর্গকিলোমিটার। এই আয়তনের মধ্যে নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার সীমাবদ্ধতা আছে। এখনো অনেক অবকাঠামোগত উন্নয়ন হয়নি।
নাগরিকদের শতভাগ সেবা দিতে গেলে পৌরসভার আয়তন বর্ধিত করতে হবে। পৌরসভার আয়তন ২৫ বর্গকিলোমিটার করার প্রস্তাব দেওয়া হচ্ছে অনেক দিন ধরে। সবাই বলছে। কিন্তু কাজ হয়নি। আমরা যারা যে যে প্রতিষ্ঠানে আছি, তাদের ব্যর্থতার কারণে অনেক সময় নানা সমস্যা সৃষ্টি হয়। তাই নিজ নিজ অবস্থান থেকে পটিয়ার উন্নয়নের জন্য কাজ করলে অনেক সমস্যার দ্রুত সমাধান হবে।

মোজাফফর আহমেদ চৌধুরী: পটিয়াকে কেন জেলা ঘোষণা করা হয়নি এ নিয়ে অনেক আলোচনা হয়েছে। তবে এর কারণ আমরা সবাই কমবেশি জানি। ভৌগোলিক কারণে নয়, রাজনৈতিক কারণেই পটিয়াকে জেলা ঘোষণা করা হয়নি। এই উপজেলার পশ্চিম পটিয়ায় পাঁচটি ইউনিয়নে ত্রিমুখী শাসন চলছে। এতে বড় ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে।
পটিয়ায় শিল্পায়ন হয়েছে। কৃষি ও শিক্ষা ব্যবস্থা ভালো অবস্থানে রয়েছে।
উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর পটিয়ার উন্নয়নে স্থানীয় সাংসদের সঙ্গে বসেছি। পটিয়ার উন্নয়নে আমরা শিল্পপতিদের সহযোগিতা নেব। পটিয়ার পাঁচ লাখ মানুষ থাকলে তাদের মধ্যে ৫ শতাংশ মানুষ সচ্ছল। তাঁদের কাছ থেকে যদি ৫-১০ হাজার টাকা নেওয়া হয়, তাহলে এটি একটি বড় ব্যাপার। সবাইকে সংযোগ করা হলে আমরা অনেক উন্নয়ন করতে পারব।
রাজনৈতিক ব্যক্তিরা এসে বিদ্যালয়গুলোর শিক্ষাব্যবস্থা নষ্ট করে দেন। তাঁরা গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করে দেন। শিক্ষাক্ষেত্রে সমস্যা সমাধানের জন্য আমরা শিক্ষক সমিতির সঙ্গে বসব। আবার তাঁদের মধ্যে বিভক্তি আছে। শিক্ষক শ্রেণির দলাদলির কারণেও আমরা ক্ষতিগ্রস্ত।
এলাকাকে অনেকটা দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত করা হয়েছে। তবে মাদকমুক্ত করা আমাদের পক্ষে সম্ভব না। এটি রাষ্ট্রীয় ব্যাপার। অনেক ওপর থেকে এটি নিয়ন্ত্রণ করা হয়। উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত না হলে চুনোপুঁটিদের চেষ্টায় কোনো ফল আসবে না। রাষ্ট্রীয়ভাবে বন্ধ করা না হলে তা বন্ধ হবে না। তবে আমরা চেষ্টা করব এর আকার সীমিত রাখার জন্য।

যাঁরা অংশ নিলেন
মোজাফফর আহমেদ চৌধুরী : উপজেলা চেয়ারম্যান
হারুনুর রশিদ : মেয়র, পটিয়া পৌরসভা 
রোকেয়া পারভীন : উপজেলা নির্বাহী কর্মকর্তা 
আ ক ম শামসুজ্জামান চৌধুরী : সম্পাদক, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চট্টগ্রাম জেলা 
শ্যামল দে : সাধারণ সম্পাদক বাংলাদেশ শিক্ষক সমিতি, পটিয়া উপজেলা
আশিষ চৌধুরী : সাধারণ সম্পাদক, পটিয়া আইনজীবী সমিতি
পংকজ চক্রবর্তী : সভাপতি, বীরকন্যা প্রীতিলতা ট্রাস্ট
পারভীন আক্তার : সভানেত্রী, পটিয়া নারী জাগরণ সংস্থা
সাইফুল ইসলাম : বিভাগীয় প্রধান, অর্থোপেডিক্স বিভাগ বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতাল
নাজিম উদ্দিন হায়দার : সাধারণ সম্পাদক, পশ্চিম পটিয়া-কর্ণফুলী ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশন
জয়দত্ত বড়ুয়া : শিশুরোগ বিশেষজ্ঞ, পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্স
মোহাম্মদ হাসান মাহমুদ : সমাজকর্মী
সঞ্চালক 
বিশ্বজিৎ চৌধুরী: যুগ্ম সম্পাদক, প্রথম আলো