পটিয়ায় জনপ্রিয় হচ্ছে বিষমুক্ত সবজিচাষ
সবজিখেতে পরিবেশবান্ধব কীটপতঙ্গ দমনের কৌশল ফেরোমন ফাঁদ কাজে লাগিয়ে সাফল্য পেয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার কৃষকেরা। ফেরোমন ফাঁদ সহজে তৈরি করা যায় ও খরচ কম হয় বলে উপজেলার কৃষকদের কাছে জনপ্রিয় হচ্ছে এই পদ্ধতি। ফলে বিষমুক্ত সবজিচাষে ঝুঁকছেন তাঁরা।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, পটিয়া উপজেলার কেলিশহর, কচুয়াই, খরনা, হাইদগাঁও, ভাটিখাইন, শিকলবাহা ও পৌর এলাকায় সবচেয়ে বেশি রবি ফসলের চাষ হয়। চলতি মৌসমে ৩৬৪ হেক্টর জমিতে কুমড়া, ২৫২ হেক্টর জমিতে বেগুন ও মরিচ এবং ২৫৫ হেক্টের জমিতে টমেটো, ফুলকপি ও বাঁধাকপি চাষ হয়েছে।
কৃষি কর্মকর্তারা জানান, ক্ষতিকর পতঙ্গ দমনের জন্য এই পদ্ধতিতে ফসলের খেতে ফেরোমন নামের একধরনের রাসায়নিক ব্যবহার করা হয়, যেটির গন্ধে পতঙ্গ আকৃষ্ট হয় এবং ফাঁদে রাখা তরলের মধ্যে পড়ে মারা যায়। একটি প্লাস্টিকের কৌটা ও গন্ধ উৎপাদনকারী ফেরোমন ট্যাবলেট ব্যবহার করে সহজেই এই ফাঁদ বানানো যায়।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার বিভিন্ন এলাকার সবজিখেতে ফেরোমন ফাঁদ স্থাপন করেছেন কৃষকেরা। প্লাস্টিকের কৌটা দিয়ে তৈরি ফাঁদগুলোতে অজস্র পোকা মরে পড়ে থাকতে দেখা গেছে। কেলিশহর গ্রামের কৃষক নিদুল মহাজন (৫০) বলেন, চলতি মৌসমে তিনি ৪০ শতক জমিতে বেগুন চাষ করেছেন। কৃষি কার্যালয়ের কর্মকর্তাদের পরামর্শে ফেরোমন ফাঁদ পদ্ধতি ব্যবহার করায় বেগুনে আর পোকা আসেনি। এবারই প্রথম কীটনাশক ছাড়া সবজি চাষ করেছেন বলে জানান তিনি।
সেনপাড়া গ্রামের কৃষক রনধীন দে বলেন, আগে সবজিখেতে প্রতি সপ্তাহে দুবার করে কীটনাশক দিতে হতো। এবার ৮০ শতক জমিতে বেগুন, ক্ষীরা, বরবটি ও তিতা করলা চাষ করেছেন। ফেরোমন ফাঁদ ব্যবহার করার পোকা দমন হয়েছে। তাই এবার আর কীটনাশক ব্যবহার করতে হয়নি।
কেলিশহর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা ত্রিদিব চৌধুরী বলেন, ফল ছিদ্রকারী একটি পোকা এক রাতে দুই থেকে আড়াই শ ডিম ছাড়ে। এসব পোকা নিধনের জন্য খেতের মাঝখানে এক লিটার ওজনের একটি প্লাস্টিকের কৌটা দিয়ে ফেরোমন ফাঁদ তৈরি করা হয়। ফেরোমন ফাঁদে যে ট্যাবলেট ব্যবহার করা হয়, তা গন্ধ সৃষ্টি করে। পুরুষ পোকা গন্ধে আকৃষ্ট হয়ে ফাঁদে উড়ে এসে আটকা পড়ে।
উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা তপন কান্তি দে বলেন, চলতি মৌসমে উপজেলার প্রায় ৬০ শতাংশ জমিতে ফেরোমন ফাঁদ প্রযুক্তি ব্যবহার করে বিষমুক্ত সবজি চাষ হয়েছে। এতে ফসলে পোকার আক্রমণ হচ্ছে না। এই পদ্ধতি ব্যবহারের ফলে বিষমুক্ত সবজি উৎপন্ন হচ্ছে।