পটিয়ায় দুই মাসে ছয়টি বাল্যবিবাহ বন্ধ
চট্টগ্রামের পটিয়া উপজেলায় গত দুই মাসে ছয়টি বাল্যবিবাহ বন্ধ করেছে উপজেলা প্রশাসন। বাল্যবিবাহের হাত থেকে বেঁচে যাওয়া ছয়জন অপ্রাপ্তবয়স্ক মেয়ের মধ্যে পাঁচজনই বিদ্যালয়পড়ুয়া ছাত্রী। এদের মধ্যে দুজন নবম শ্রেণির এবং তিনজন দশম শ্রেণির ছাত্রী।
পটিয়া উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল হাসেমের নেতৃত্বে এসব অভিযান পরিচালিত হয়। বাল্যবিবাহের সঙ্গে জড়িত থাকার অভিযোগে প্রশাসন একজন কাজির নিবন্ধন বাতিলের জন্যও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করেছে। পাশাপাশি অপ্রাপ্তবয়স্ক মেয়েদের বয়স বাড়িয়ে জন্মসনদ যেন দেওয়া না হয়, সে ব্যাপারে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবদের সতর্ক করা হয়েছে।
অনুসন্ধানে জানা গেছে, গত ১৬ মে পটিয়া উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের এক অপ্রাপ্ত মেয়ের সঙ্গে বরলিয়া ইউনিয়নের বাড়ৈকাড়া গ্রামের মরহুম এজাহার মিয়ার ছেলে মোহাম্মদ ইকবাল হোসেনের বিয়ের প্রস্তুতি চলছিল স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে। তবে মেয়েটির বয়স ১৮ বছর পূর্ণ না হওয়ায় প্রশাসনের হস্তক্ষেপে বিয়েটি বন্ধ হয়ে যায়।
একই ভাবে ২০ মে পৌর সদরের কাগজীপাড়া এলাকায়, ২১ মে দক্ষিণ ভূর্ষি ইউনিয়নে, ২৪ মে কুসুমপুরা ইউনিয়নের মনসা গ্রামে, ৩ জুন বরলিয়া ইউনিয়নে এবং সর্বশেষ ৪ জুন কেলিশহর মাঝিরপাড়া গ্রামে প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ হয়ে যায়। এ সময় বর-কনের অভিভাবকের জরিমানা ও মুচলেকাও আদায় করা হয়েছে।
ইউএনও আবুল হাসেম বলেন, ‘আমি যখন যেখানে বাল্যবিবাহের খবর পাচ্ছি, সেখানে নিজে ছুটে যাচ্ছি। কয়েক জায়গায় সহকারী কমিশনারকে (ভূমি) পাঠিয়েছি। বিয়ের অনুষ্ঠানে গিয়ে আমরা ছেলে ও মেয়ের সঙ্গে কথা বলেছি। কম বয়সে বিয়ের পরিণতি সম্পর্কে তাদের বুঝিয়ে বলেছি। মেয়ের বয়স কম ছিল বলেই ছয়টি বিয়ে বন্ধ করেছি। প্রত্যেক ক্ষেত্রেই ছেলেমেয়ের অভিভাবককে এক হাজার টাকা করে জরিমানা করেছি। একটি বিয়ের ঘটনায় বিয়ের উকিলকেও জরিমানা করা হয়েছে।’
ইউএনও আরও বলেন, পরিণত বয়সে না পেঁৗছানো পর্যন্ত মেয়েদের বিয়ে না দিতে অভিভাবকের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে। কম বয়সে মেয়ের বিয়ে না দেওয়ার বিষয়ে অভিভাবকেরাও সম্মতি জানিয়েছেন।
আবুল হাসেম বলেন, এ ব্যাপারে খুব শিগগির কাজি ও ইমামদের নিয়ে সচেতনতামূলক সভার আয়োজন করা হবে।