পটিয়ায় বিদ্যুতের তারে ঝুলে আছে খুঁটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রাকের ধাক্কায় ভেঙে যাওয়া বিদ্যুতের খুঁটি বিপজ্জনকভাবে ঝুলে আছে উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ পরিবাহী তারের সঙ্গে। আট বছর ধরে চট্টগ্রামের পটিয়া উপজেলার দুটি এলাকার বাসিন্দারা এ নিয়ে আতঙ্কে ভুগছেন। তার ছিঁড়ে বড় দুর্ঘটনার আশঙ্কা থাকলেও এখনো খুঁটি দুটি মেরামত বা প্রতিস্থাপন করা হয়নি।
ট্রাকের ধাক্কায় ভেঙে পড়া এই খুঁটি দুটির একটি পটিয়া সরকারি কলেজের সামনে ও অপরটি এর আধা কিলোমিটার দূরে খাসমহাল এলাকায় অবস্থিত। অসংখ্য ব্যবসাপ্রতিষ্ঠান ও দোকানপাট এই ভাঙা খুঁটি দুটির কারণে দুর্ঘটনার ঝুঁকির মধ্যে পড়েছে।
সরেজমিনে দেখা গেছে, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে পটিয়া সরকারি কলেজগেট ও খাসমহাল এলাকায় বিদ্যুতের খুঁটি দুটি ভেঙে গোড়া থেকে প্রায় দেড় হাত সরে তারের সঙ্গে ঝুলে আছে। খুঁটিতে ১১ হাজার কিলোভোল্টের তার ছাড়াও ৪৪০ ভোল্টের বিদ্যুৎবাহী তার রয়েছে। আবার খুঁটির ৪২০ ভোল্ট বিদ্যুৎবাহী তার থেকে মহাসড়কের দুই পাশের অর্ধশতাধিক দোকান ও বিভিন্ন প্রতিষ্ঠানে সংযোগ দেওয়া হয়েছে। পটিয়া সরকারি কলেজগেটের পাশে অবস্থিত গাউছিয়া স্টিল শপের মালিক মোহাম্মদ জয়নাল বলেন, আট বছর আগে মালবোঝাই একটি ট্রাকের ধাক্কায় কলেজগেটের সামনের খুঁটিটি ভেঙে যায়। পটিয়া সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র মোহাম্মদ তানভীর বলেন, পটিয়া কলেজ ছাড়াও এই খুঁটির কাছাকাছি আরও তিনটি স্কুল আছে। কলেজ ও বিদ্যালয় খোলা থাকলে চার শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থীর পদচারণে মুখর থাকে এই এলাকাটি। কিন্তু ঝুঁকিপূর্ণ খুঁটির কারণে তৈরি হয়েছে দুর্ঘটনার আশঙ্কা। একই কথা বলেছেন খাসমহাল এলাকার বাসিন্দা প্রিয়দর্শন চৌধুরী। তাঁদের দোকানের সামনের খুঁটিটিও প্রায় আট বছর আগে মালবোঝাই একটি ট্রাকের ধাক্কায় ভেঙে যায়। সেটিও প্রতিস্থাপনের উদ্যোগ নেয়নি কেউ।
খুঁটি প্রসঙ্গে জানতে চাইলে পটিয়া পৌরসভার মেয়র হারুনর রশিদ বলেন, ‘আমি এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নিতে বিদ্যুৎ বিভাগকে চিঠি দিয়েছি।’ পটিয়া বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মতিউর রহমান বলেন, ‘খুঁটি দুটি ঝুঁকিপূর্ণ রয়েছে, তা জানতাম না। খোঁজ নিয়ে দ্রুত নতুন খুঁটি স্থাপনের ব্যবস্থা নেব।’