পটিয়ায় মধ্যরাত পর্যন্ত কেনাবেচা

দক্ষিণ চট্টগ্রামের প্রধান বাণিজ্যিক কেন্দ্র পটিয়া সদরে ঈদের কেনাকাটা জমজমাট। থেমে থেমে বৃষ্টি হলেও ক্রেতারা কোনো বাধাই মানছে না। বৃষ্টি মাথায় নিয়েও ক্রেতারা ভিড় করছেন বিভিন্ন বিপণিবিতানে। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলছে কেনাকাটা।
গত শুক্রবার বাজার ঘুরে দেখা গেছে, আলম প্লাজা, চৌধুরী মার্কেট, ননী প্লাজা, রহমান মার্কেট, শাহ আমির মার্কেট, শাহ তৈয়বিয়া মার্কেট, গুলজান সুপার মার্কেট ও দেলাল মার্কেটে ক্রেতার ভিড় বেশি। এখানে হাল ফ্যাশনের শাড়ি, সালোয়ার-কামিজ, পাঞ্জাবি ও শিশুদের পোশাকের খোঁজে ঢুঁ মারছেন ক্রেতারা।
বিভিন্ন দোকানিরা জানান, ভারতীয় বিভিন্ন টেলিভিশন সিরিয়ালের চরিত্রের নামে বিভিন্ন পোশাকে দোকান ভরপুর। এবার তরুণীদের পছন্দের পোশাক হচ্ছে ‘পাখি’ ও ‘কিরণমালা’ থ্রিপিস। চলছে ‘মোদি’ পোশাকও। এ ছাড়া দেশি পোশাক তো আছেই।
শাহ আমির মার্কেটে ঢাকা গার্মেন্টস নামের একটি দোকানে কথা হয় চন্দনাইশ উপজেলা থেকে আসা জয়নাল আবেদীন ও তাঁর বোন আনজুমান আরার সঙ্গে। আনজুমান আরা বলেন, চার হাজার টাকা দিয়ে ‘কিরণমালা’ থ্রিপিস কিনেছি।
আলম প্লাজার রাজকন্যা শাড়ি কালেকশনের স্বত্বাধিকারী মোহাম্মদ সোহেল বলেন, এবার জর্জেট, জামদানি, বিভিন্ন কাতান শাড়ি চলছে বেশি।
পটিয়ার সবচেয়ে বড় দোকানের মধ্যে শাহ আমির মার্কেটের দোতলায় রয়েছে ‘বড় বাজার’। এতে জুতো ছাড়া ক্রেতাদের চাহিদা মতো সবকিছুই পাওয়া যাচ্ছে।