পটিয়ায় মুজাফফরাবাদ গণহত্যা দিবস পালন
৩ মে রোববার ছিল পটিয়ার মুজাফফরাবাদ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এ দিনে স্বাধীনতাবিরোধী স্থানীয় দালালদের সহায়তায় পাকিস্তানি হানাদার বাহিনী হিন্দু–অধ্যুষিত এ গ্রামের তিন শতাধিক নারী-পুরুষকে নির্বিচারে হত্যা করে। দিনটি স্মরণে বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি পালন করে। এসব কর্মসূচির মধ্যে ছিল স্মরণসভা, শহীদবেিদতে ফুল দেওয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
দিনটি উপলক্ষে মুজাফফরাবাদ গ্রামের সামাজিক সংগঠন সমন্বয়ের উদ্যোগে সন্ধ্যায় স্মরণসভা অনুষ্ঠিত হয়। মুজাফফরাবাদ শহীদ স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পলাশ দত্ত।
সভা পরিচালনা করেন সুমন চক্রবর্তী ও রিটন বিশ্বাস। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক দিদারুল আলম, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তাপসী ঘোষ রায়, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, খরনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফজল আহম্মদ চৌধুরী, যুবলীগের কেন্দ্রীয় সদস্য রিটু দাশ, শহীদ পরিবারের সন্তান বনগোপাল চৌধুরী, সমন্বয়ের সভাপতি প্রদীপ কর, সাধারণ সম্পাদক বিপ্লব সেন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, যুদ্ধাপরাধীদের বিচারপ্রক্রিয়া সম্পন্ন হলে শহীদদের আত্মা শান্তি পাবে। মুজাফফরাবাদ গ্রামের গণহত্যার সঙ্গে জড়িত এ দেশের দালালদের বিচার দাবি করেন তাঁরা।
এর আগে সকালে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকেয়া পারভীন, ইউপি চেয়ারম্যান মফজল আহম্মদ চৌধুরীসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাস্কৃতিক সংগঠনের সদস্যরা শহীদবেিদতে ফুল দেন।