পটিয়ায় সেতুর পিলার ধসে যান চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটিয়ার মইজ্জার টেক-কানুনগোপাড়া-উদলবনিয়া সড়কে অবস্থিত আকতারুজ্জামান চৌধুরী (কালারপুল) বেইলি সেতুর একটি পিলার হেলে পড়েছে। এতে সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় দুর্ঘটনা এড়াতে ২ আগস্ট থেকে বন্ধ আছে যানবাহন চলাচল। এর ফলে পটিয়ার ছয়টি ইউনিয়নের সঙ্গে চট্টগ্রাম ও পটিয়া সদরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন আছে।
এতে পটিয়া উপজেলার কোলাগাঁও, শিকলবাহা, হাবিলাসদ্বীপ, কুসুমপুরা, ধলঘাট ও কেলিশহরের ইউনিয়নের প্রায় আড়াই লাখ মানুষ দুর্ভোগে পড়েছে। সড়ক ও জনপথ (সওজ) সূত্রে জানা যায়, চট্টগ্রাম নগরীর প্রবেশমুখে কালারপুল এলাকায় মইজ্জার টেক-কানুনগোপাড়া-উদলবনিয়া সংযোগ সড়কের শিকলবাহা খালের ওপর এই সেতুর অবস্থান। ১৯৯৫ সালে সওজের অর্থায়নে ৫৭০ ফুট দীর্ঘ ও ১২ ফুট চওড়া সেতুটি নির্মিত হয়। ২০০৭ সালের সেপ্টেম্বর মাসে একটি মালবাহী বার্জের ধাক্কায় সেতুটির একাংশ ভেঙে যায়। এর প্রায় আট বছর পর ২০১৩ সালে চার কোটি টাকা ব্যয়ে সেতুটি সংস্কারের কাজ শুরু হয়। ২০১৪ সালের ৯ মার্চ সেতুটি যানচলাচলের জন্য খুলে দেওয়া হয়। সংস্কার করা সেতুর নামকরণ করা হয় আওয়ামী লীগের প্রয়াত নেতা আকতারুজ্জামান চৌধুরী নামে।
সওজ বোয়ালখালী অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মজিবুর রহমান বলেন, সেতুটির পাঁচটি পিলারের মধ্যে একটি পুরোনো পিলার ২ আগস্ট হেলে পড়ে। এতে বেইলি সেতুটি নড়বড়ে হয়ে যায়। দুর্ঘটনার আশঙ্কায় সওজ বিভাগ সেতুটিতে যান চলাচল বন্ধ রাখে।
সেতু বন্ধ থাকায় পেশাজীবী ও শিক্ষার্থীরা দুর্ভোগ পোহাচ্ছেন; পাশাপাশি ব্যাহত হচ্ছে মালামাল পরিবহন। কোলাগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সামশুল আলম বলেন, সেতুর ওপর দিয়ে যানচলাচল বন্ধ থাকায় সাত থেকে আটটি শিল্পকারখানা, ২০ থেকে ২৫টি শিক্ষাপ্রতিষ্ঠান, চারটি বিদ্যুৎকেন্দ্রসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত লোকজন ও শিক্ষার্থীরা ভোগান্তির শিকার হচ্ছেন।
স্থানীয় বাসিন্দা এম এ রহিম বলেন, সেতুটি একবার ভেঙে যাওয়ায় আট বছর ধরে বিচ্ছিন্ন ছিল এই এলাকার মানুষ। এখন আবার সেতুটি বন্ধ করে দেওয়া হলো। জানি না কবে আবার সংস্কার হবে?
সেতুটি বন্ধ হওয়ায় যানবাহন চালকদের আয় কমে গেছে। সিএনজিচালিত অটোরিকশার চালক মো. সেলিম বলেন, ‘সেতুটি বন্ধ করে দেওয়ায় ওই পথে যাত্রী নেই। তাই আমাদের আয়ও কমে গেছে।’
সওজের দোহাজারী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোছলেহ উদ্দিন চৌধুরী বলেন, বেইলি সেতুর জায়গায় একটি পাকা সেতু নির্মাণ করলে সমস্যার সমাধান হবে। সেতুটি সংস্কারের জন্য সওজের নকশা বিভাগে লিখিতভাবে জানানো হয়েছে।