পটিয়া আ.লীগে মনোনয়ন চান চারজন
পৌরসভা নির্বাচন সামনে রেখে প্রচারণায় নেমে পড়েছেন পটিয়া পৌরসভার মেয়র ও কাউন্সিলর পদে আগ্রহী প্রার্থীরা। গণসংযোগের পাশাপাশি দলীয় নেতা-কর্মীদের সমর্থন আদায়ের চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাঁরা। নির্বাচনকে ঘিরে দলীয় কোন্দলও মাথাচাড়া দিয়ে উঠেছে বড় দুই দলে। খোঁজ নিয়ে জানা গেছে, আওয়ামী লীগের একাধিক নেতা মেয়র প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন পেতে আগ্রহী। সম্ভাব্য প্রার্থীরা হলেন কেন্দ্রীয় যুবলীগের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক বদিউল আলম, পৌর আওয়ামী লীগের সহসম্পাদক আইয়ুব বাবুল, পৌর আওয়ামী লীগের সহসভাপতি হারুনর রশিদ ও পৌর আওয়ামী লীগের সিনিয়র সাংগঠনিক সম্পাদক আলমগীর আলম। তাঁদের মধ্যে বদিউল আলম গত পৌর নির্বাচনে বিএনপির প্রার্থী বর্তমান মেয়র নুরুল ইসলামের কাছে সামান্য ভোটে হেরে যান। অন্য তিনজন তফসিল ঘোষণার আগে থেকে অনানুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারণা চালিয়ে আসছেন। বদিউল আলম প্রথম আলোকে বলেন, ‘আমি একজন দায়িত্বশীল রাজনৈতিক কর্মী। নীতিনির্ধারকেরা নির্বাচন করার লক্ষ্যে আমাকে পাঠিয়েছেন। মেয়র পদে মনোনয়ন পাওয়ার ব্যাপারে আমি শতভাগ নিশ্চিত।’ আলমগীর আলম বলেন, ‘আমি দলের একজন ত্যাগী কর্মী হিসেবে নিজেকে যোগ্য মনে করি। আলোচিত চারজনের মধ্যে বদিউল আলম থাকেন ঢাকায়। হারুনর রশিদ থাকেন চট্টগ্রামে।’ তাঁর প্রশ্ন—এলাকায় থাকেন না এমন ব্যক্তিকে ভোট দিয়ে লাভ কী?নাম প্রকাশে অনিচ্ছুক একজন সম্ভাব্য মেয়র প্রার্থী হারুনর রশিদের বিরুদ্ধে ‘একসময়’ ছাত্রশিবিরের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ এনে বলেন, ‘তাঁকে কীভাবে দল মনোনয়ন দেবে, সেটাই আমাদের প্রশ্ন।’ তবে তিনি বলেন, ‘পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক অনেক আগে থেকেই হারুনের পক্ষে কাজ করছেন। এ ছাড়া বিভিন্ন ওয়ার্ড কমিটিসহ পৌর আওয়ামী লীগের অনেক সদস্য সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুগত। এ অবস্থায় দলীয় মনোনয়নে তৃণমূলের ভোট হারুনের পক্ষে যেতেও পারে।’ এ ব্যাপারে হারুনর রশিদ বলেন, ‘আমার জনপ্রিয়তা দেখে তাঁরা আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। আমি ১৫ বছর ধরে অসাম্প্রদায়িক রাজনীতিসহ বিভিন্ন প্রগতিশীল সামাজিক, সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িত থেকে কাজ করছি।’দলীয় সূত্রে জানা গেছে, তফসিল ঘোষণার পর মেয়র পদে একক প্রার্থী চূড়ান্ত করার লক্ষ্যে ৪ ডিসেম্বর রাতে স্থানীয় সাংসদ সামশুল হক চৌধুরীর উদ্যোগে চট্টগ্রাম সার্কিট হাউসে এক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সম্ভাব্য চারজন প্রার্থীসহ জেলা ও পৌর আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন। তবে সেখানে প্রার্থী চূড়ান্ত করা সম্ভব হয়নি। পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুদ্দীন আহমদ বলেন, ‘আগ্রহী প্রার্থীদের মধ্যে সমঝোতা করা না গেলে তৃণমূলের নেতা-কর্মীদের গোপন ভোটে মনোনয়ন চূড়ান্ত করা হবে।’ এদিকে মহাজোটের পক্ষে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ও দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক শামসুল আলম মাস্টার। প্রথম আলোকে তিনি বলেন, ‘গত নির্বাচনে সংসদ ও উপজেলা নির্বাচনে আমি মহাজোটের প্রার্থীদের পক্ষে কাজ করেছি। এবার পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ আমাকে মহাজোটের হয়ে পটিয়ার পৌর মেয়র হিসেবে নির্বাচন করার জন্য বলেছেন।’ এদিকে পটিয়া বিএনপির সাধারণ সম্পাদক ও বর্তমান মেয়র নুরুল ইসলাম ছাড়াও পৌরসভার ২ ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক, ফল ব্যবসায়ী তৌহিদুল আলম মেয়র পদে নির্বাচন করবেন বলে জানা গেছে। তৌহিদুল আলম প্রথম আলোকে বলেন, ‘বর্তমান মেয়র এলাকার উন্নয়নে তেমন কোনো ভূমিকা রাখতে পারেননি। তাই জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে আমি বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচন করব।’ বর্তমান মেয়র নুরুল ইসলাম প্রার্থী হওয়ার কথা উল্লেখ করে বলেন, তৌহিদ বিএনপিতে এসেছেন মাত্র দুই বছর। আমি কী করেছি না করেছি, তা তাঁর জানার কথা নয়। তবে পৌর বিএনপির সভাপতি এ টি এম মহিবুল্লাহ চৌধুরী বলেন, ‘আমাদের দলে কোনো বিরোধ নেই।’ দু-এক দিনের মধ্যে একক প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করা হবে বলে জানান তিনি। এ ছাড়া লিবারেল ডেমোক্রেটিক (এলডিপি) পার্টির পক্ষে দলের পৌর কমিটির সভাপতি সাবেক পৌর প্রশাসক মোহাম্মদ আলী এবার মেয়র পদে লড়বেন বলে জানিয়েছেন।