পটিয়া-উজিরপুর সড়কে হেঁটে চলাও দায়
চট্টগ্রাম-কক্সবাজার সড়কসংলগ্ন পটিয়া-উজিরপুর সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। পিচ ঢালাই উঠে যাওয়ায় সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সামান্য বৃষ্টি হলে পানি জমে যায়। এ কারণে জঙ্গলখাইন ও বরলিয়া ইউনিয়নের হাজার হাজার বাসিন্দা এ রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। এদিকে, সড়কটির প্রায় এক কিলোমিটার এলাকা মেরামতের জন্য ১৮ লাখ ৯৮ হাজার টাকা বরাদ্দ দিয়েছিল স্থানীয় প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। দরপত্র আহ্বান করা হয়েছিল গত বছরের নভেম্বরে। এ বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে কাজ শেষ করার জন্য কার্যাদেশও দেওয়া হয়েছিল। কিন্তু ঠিকাদার এখনো পর্যন্ত সড়কের মেরামতকাজই শুরু করেননি বলে অভিযোগ পাওয়া গেছে।সরেজমিনে দেখা গেছে, পটিয়া আমজুরহাট থেকে মৌলভীহাট পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার সড়কের বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এলাকার খুবই গুরুত্বপূর্ণ এ সড়ক দিয়ে প্রতিদিন শিক্ষার্থী, ব্যবসায়ী, চাকরিজীবীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ যাতায়াত করেন। স্থানীয় লোকজন জানান, সড়কটি এতই খারাপ যে যানবাহন চলাচল তো দূরের কথা, পায়ে হাঁটাও কঠিন। সামান্য বৃষ্টি হলে সড়কে পানি জমে যায়। বর্ষাকালে এ সড়ক দিয়ে হাঁটাও যায় না। তিন বছর ধরে সড়কের এ দুরবস্থা বিরাজ করলেও সড়কটি সংস্কার হয়নি। স্থানীয় আওয়ামী লীগের নেতা শাহীনুল ইসলাম জানান, ‘আমজুরহাট থেকে বুধপুরা বাজার পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় এলাকার হাজার হাজার মানুষ যাতায়াতে চরম দুর্ভোগ পোহাচ্ছে। সড়কটি পুরো সংস্কার হলে এ সড়কে বাস, টেম্পো ও অটোরিকশা চলাচল করতে পারত। চট্টগ্রাম শহর ও আনোয়ারায় যাতায়াত সহজ হতো।’জঙ্গলখাইন ইউনিয়নের অধিবাসী আজিজুল হক জানান, গত বিএনপি সরকারের আমলে সড়কটি দুবারই সংস্কার হয়েছে। কিন্তু কাজের মান খারাপ হওয়ায় সড়কের পিচ ঢালাই উঠে গিয়ে দ্রুত সড়কটি নষ্ট হয়ে গেছে।উন্নয়নকর্মী সুলতানা রাজিয়া আক্ষেপ করে বলেন, ‘এ সড়কের অবস্থা এতই খারাপ, রিকশাচালকেরাও যেতে চান না। বেশি ভাড়ায়ও অনেক রিকশাচালক যেতে চান না। ফলে আমাদের অনেক সময় হেঁটে কর্মস্থলে যেতে হয়।’ পটিয়া স্থানীয় সরকার প্রকৌশল (এলজিইডি) কার্যালয় সূত্রে জানা যায়, পটিয়া আমজুরহাট থেকে সড়কটির ১ দশমিক ০৩ কিলোমিটার মেরামতের জন্য ২০১০ সালে ২৪ নভেম্বর দরপত্র আহ্বান করা হয়েছিল। সড়কের ঠিকাদার মেসার্স মেন ট্রেডার্সকে কার্যাদেশ দেওয়া হয় ১২ ডিসেম্বর। মেরামতকাজ শেষ হওয়ার কথা চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি। পটিয়া এলজিইডির উপসহকারী প্রকৌশলী শংকর নন্দী প্রথম আলোকে বলেন, ‘সড়কটি মেরামতের মেয়াদ শেষ হয়েছে ২৫ ফেব্রুয়ারি। ঠিকাদার যথাসময়ে কাজ শেষ না করায় তাঁকে চিঠি দেওয়া হয়েছে। ৩১ মের মধ্যে কাজ শেষ না হলে বরাদ্দও বাতিল হয়ে যাবে।’যোগাযোগ করলে ঠিকাদার আ ন ম সেলিম বলেন, ‘কাজ হচ্ছে, তবে আমজুরহাটের পাশে নালা ও প্রতিরোধক দেয়াল নির্মাণ করতে গেলে পুকুরের মালিক কাজে বাধা দেন। ফলে সংস্কারকাজে দেরি হচ্ছে। এ ব্যাপারে কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছি।’