পটিয়া ও ফটিকছড়িতে নারী দিবস পালন
সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান, শোভাযাত্রা ও মানববন্ধনের মধ্য দিয়ে পটিয়ায় আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে পটিয়া উপজেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তর আলোচনা সভার আয়োজন করে। ‘নারীর তথ্য পাওয়ার অধিকার, ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকার’ এ স্লোগানকে সামনে রেখে উপজেলা পরিষদ মিলনায়তনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকেয়া পারভীন। এতে প্রধান অতিথি ছিলেন পটিয়া পৌরসভার মেয়র হারুণ অর রশিদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম, উপজেলা শিক্ষা কর্মকর্তা (প্রাথমিক) মোতাহের বিল্লা, মহিলাবিষয়ক কর্মকর্তা আতিয়া চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কবিয়াল আবু ইউসূফ ও কবিয়াল আবদুল মান্নান কবিগান পরিবেশন করেন। সনাক-টিআইবি, ইলমা, নওজোয়ান, কোডেক, নারী জাগরণ সংস্থা, বিটা, পারফেক্ট ট্রাস্ট, প্ল্যান বাংলাদেশ, ঘাসফুল, সমতা, ব্র্যাক, ব্লাস্ট প্রভৃতি সংগঠন অনুষ্ঠানে অংশ নেয়। ফটিকছড়ি: নারীর প্রতি বৈষম্য ও বিরূপ মনোভাব পরিবর্তনের অঙ্গীকার নিয়ে ফটিকছড়িতে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি উপজেলার কাঞ্চনগর রুস্তমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বেসরকারি সংস্থা সোস্যাল ডেভেলপমেন্ট সোসাইটি (এসডিএস) এক অনুষ্ঠানের আয়োজন করে। এতে তিন শতাধিক সাধারণ নারী অংশ নেন। সংস্থার সম্পাদক জুলি ইফতিখারের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. হারুনুর রশীদ। বক্তব্য দেন হাওয়া বেগম, সোলেমান বাদশা, দিদারুল আলম, মো. নাসির হোসেন, ফেরদৌসি বেগম, হামিদা আকতার প্রমুখ।