পটিয়া কলেজে স্নাতকোত্তর চালুর আশ্বাস জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের
পটিয়া সরকারি কলেজে স্নাতকোত্তর কোর্স চালুর আশ্বাস দিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুন-অর-রশিদ। ২৮ জুলাই সকালে ওই কলেজের শিক্ষকদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এই আশ্বাস দেন।
তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে সুষ্ঠুভাবে পাঠদান করার জন্য শিক্ষকদের মনোযোগী হতে হবে। পটিয়া সরকারি কলেজে মাস্টার্স কোর্স চালুর ব্যাপারে যে আবেদন করা হয়েছে, তা বিবেচনা করা হবে বলে তিনি জানান।
কলেজের অধ্যক্ষ এ কে ফজজুল হকের সভাপতিত্বে এবং কলেজশিক্ষক পরিষদের সম্পাদক আবদুল আউয়ালের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন উপাধ্যক্ষ সজল কান্তি পাল। অতিথি ছিলেন চট্টগ্রাম ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মাহফুজুল হক ও চট্টগ্রাম ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ রেজাউল কবির।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুন-অর-রশিদ বলেন, ‘আমাদের শিক্ষার্থীরা যাতে বিপথগামী না হয়, সেদিকে সবাইকে লক্ষ রাখতে হবে। কোনো ছেলেমেয়ে যেন অপরাধমূলক কর্মকাণ্ড ঘটাতে না পারে, সে ব্যাপারে শিক্ষকদের সতর্ক থাকতে হবে।’
এ সময় কলেজের অধ্যক্ষ এ কে ফজলুল হক বলেন, পটিয়া সদরের এ কলেজে মাস্টার্স কোর্স চালু হলে দক্ষিণ চট্টগ্রামের শিক্ষার্থীরা উচ্চশিক্ষার ব্যাপক সুযোগ পাবে। বিশেষ করে, ছাত্রীরা বেশি উপকৃত হবে।
এর আগে উপাচার্যকে কলেজ প্রাঙ্গণে কলেজের ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) ক্যাডেটরা গার্ড অব অনার প্রদান করে। উপাচার্য কলেজ প্রাঙ্গণে নির্মিত মঞ্চে দাঁড়িয়ে গার্ড অব অনার গ্রহণ করেন।