পটিয়া ক্লাবের নির্বাচন ঘিরে উৎসবের আমেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১২ বছর পর কাল শুক্রবার ১৬ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে পটিয়া ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন। নির্বাচনকে ঘিরে ক্লাবের সদস্যদের উৎসাহের কমতি নেই। নির্বাচনে বিভিন্ন পদে প্রার্থী হয়েছেন পৌরসভা আওয়ামী লীগ ও বিএনপির নেতাসহ ব্যবসায়ী ও সুশীল সমাজের সদস্যরা।
পটিয়ার সাংসদ শুরু থেকে পৌরসভার মেয়রসহ অনেক সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা এই ক্লাবের সদস্য হওয়ায় নির্বাচনে এসেছে অন্য রকম আমেজ। প্রার্থীদের পরিচিতিমূলক ব্যানারে ছেয়ে গেছে ক্লাব প্রাঙ্গণ। চলছে প্রচারণা ও ভোট প্রার্থনা।
সাহিত্য-সংস্কৃতি চর্চা ও সেবামূলক কর্মকাণ্ডের সুবাদে পটিয়ার পাশাপাশি দক্ষিণ চট্টগ্রামেও পরিচিতি আছে ক্লাবটির। ১৬ মে বিকেল পাঁচটা থেকে রাত ১০টা পর্যন্ত ক্লাব মিলনায়তনে একটানা ভোট গ্রহণ চলবে। ৬০০ সদস্যের মধ্যে ভোটার আছেন ৪৮২ জন। ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা সভাপতি মনোনীত হন। বাকি পদগুলোতে নির্বাচন হয়। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। এবার নির্বাচনে দুজন সহসভাপতি ও একজন সাধারণ সম্পাদকসহ ১৭টি পদে ৩৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে পাঠাগার সম্পাদক পদে সেলিম উদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
এবার নির্বাচনে আবুল কালাম আজাদ ও আইউব বাবুলের প্যানেলের সঙ্গে শামসুল আলম ও জালাল উদ্দিনের প্যানেলের প্রার্থীদের প্রদ্বিন্দ্বিতা হবে। প্রথম সহসভাপতি পদপ্রার্থী আবুল কালাম আজাদ ও আইয়ুব বাবুল স্থানীয় আওয়ামী লীগের নেতা। উপজেলা বিএনপির একাংশ তাঁদের সমর্থন দিয়েছে।
অপরদিকে, প্রথম সহসভাপতি পদে এ কে এম শামশুল আলম ও সাধারণ সম্পাদক পদে জালাল উদ্দিন নাগরিক প্যানেল নাম দিয়ে নির্বাচন করছেন। সাধারণ সম্পাদক প্রার্থী আইয়ুব বাবুল বলেন, ‘পটিয়া ক্লাব নির্দলীয়। তাই বিএনপিসহ সব দলের সমর্থন নিয়ে নির্বাচন করছি।’
নাগরিক প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী জালাল উদ্দিন বলেন, পটিয়া ক্লাবে রাজনীতি নিয়ে আসাটা ভোটাররা সমর্থন করেন না। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে কার জনপ্রিয়তা কতটুকু তা ভোটের ফলই বলে দেবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাবেক মহকুমা শহর পটিয়ায় ১৯৪৪ সালের ৩ জুন ৭৪ শতক জায়গার ওপর ক্লাবটি প্রতিষ্ঠিত হয়। তৎকালীন মহকুমা শহরের সার্কেল অফিসার গ্রেগরি গোমেজ ক্লাবটির প্রতিষ্ঠাতা। দীর্ঘ ৭০ বছরের পুরোনো ঐতিহ্যবাহী এই ক্লাবের নগদ অর্থসহ শত কোটি টাকার সম্পত্তি রয়েছে। উল্লেখ্য, সদস্যপদ নিয়ে মামলার কারণে দীর্ঘ ১২ বছর ক্লাবের নির্বাচন বন্ধ ছিল।