পটিয়া ক্লাবের নির্বাচন ২৩ সেপ্টেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটিয়া ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন ২৩ সেপ্টেম্বর। গত ২৯ আগস্ট ক্লাব সম্মেলন কক্ষে নির্বাচন কমিশনের সদস্যসচিব অজিত কুমার মিত্র তফসিল ঘোষণা করেন।
নির্বাচন তফসিল অনুযায়ী, ৫ ও ৬ সেপ্টেম্বর মনোনয়নপত্র সংগ্রহ, ৮ সেপ্টেম্বর জমা ও বাছাই, ১৪ সেপ্টেম্বর প্রার্থিতা প্রত্যাহার, ১৫ সেপ্টেম্বর চূড়ান্ত তালিকা প্রকাশ এবং ২৩ সেপ্টেম্বর বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত ক্লাব মিলনায়তনে ভোট গ্রহণের কথা রয়েছে। চূড়ান্ত তালিকায় ক্লাবের মোট ভোটার ৫০৩ জন।
ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী কার্যকরী কমিটির ১৯টি পদের মধ্যে সভাপতি ও একজন সদস্য ছাড়া দুজন সহসভাপতি, সাধারণ সম্পাদক, সহসম্পাদক, অর্থ সম্পাদক, দপ্তর সম্পাদক, সমাজকল্যাণ সম্পাদক, ক্রীড়া সম্পাদক, সাংস্কৃতিক সম্পাদক, প্রচার সম্পাদক, পাঠাগার সম্পাদক ও ছয়জন কার্যকরী সদস্যসহ ১৭টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। পদাধিকার বলে কার্যকরী কমিটির সভাপতি হচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সাতজন কার্যকরী সদস্যের মধ্যে একজন মনোনীত সদস্য হচ্ছেন পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। তাই ওই দুটি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে না।
তফসিল ঘোষণার সময় উপস্থিত ছিলেন কমিশনের সদস্য অরুণ কুমার মিত্র, আবুল মাসুম, ক্লাবের সহসভাপতি আমির হোসেন, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, অর্থ সম্পাদক অধ্যাপক জসিম উদ্দিন, দপ্তর সম্পাদক পীযূষ কুমার দে, ক্রীড়া সম্পাদক সাইফুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক নজরুল ইসলাম, প্রচার সম্পাদক হারুনুর রশিদ সিদ্দিকী, কার্যকরী সদস্য বলরাম চক্রবর্তী, মোহাম্মদ ইমরান প্রমুখ।