‘প্রতিটি মুহূর্ত কাটে চরম আতঙ্ক আর উত্কণ্ঠায়। ডাকঘরে ঢুকতেই আল্লাহকে স্মরণ করি। কারণ আমাদের ভবনের এমনই জীর্ণ দশা, যেকোনো মুহূর্তে মাথার ওপর ছাদ ভেঙে অঘটন ঘটতে পারে। এ ছাড়া, একজন কর্মকর্তা হয়ে এ ধরনের একটি কার্যালয়ে বসতে খুবই লজ্জা লাগে।’ এভাবেই পটিয়া ডাকঘরের সমস্যার কথা বলতে গিয়ে দীর্ঘশ্বাস ফেললেন উপবিভাগীয় ডাকঘর পরিদর্শক নুরুল আবছার। ডাকঘর সূত্র জানায়, ব্রিটিশ আমলে নির্মিত পটিয়া প্রধান ডাকঘরটি স্বাধীনতার পর থেকেই প্রায় ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। এ ছাড়া কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা বেড়ে যাওয়ায় জায়গা হচ্ছিল না। এ অবস্থায় ভবনের পাশে আশির দশকের মাঝামাঝি ছোট একটি একতলা ভবন নির্মাণ করা হয়। সেটিও ঝুঁকিপূর্ণ হয়ে পড়লে ১৯৯৯ সালে নির্মাণ করা হয় আরও একটি দোতলা ভবন। কিন্তু সেখানেও কর্মকর্তা-কর্মচারীর তুলনায় জায়গার অভাব হওয়ায় ঝুঁকিপূর্ণ একতলা পুরোনো ভবনের একটিতে উপবিভাগীয় পরিদর্শক এবং অপরটিতে চার নিয়মিত কর্মচারীকে কাজ করতে হচ্ছে। এ ছাড়া, একই কার্যালয়ে ১৯টি শাখা ডাকঘরের ১৯ জন কর্মচারীও (রানার) প্রতিদিন ডাক নেওয়ার জন্য এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেন। সরেজমিনে দেখা গেছে, উপবিভাগীয় ডাকঘর পরিদর্শক ও প্রধান ডাকঘরের পুরোনো কার্যালয়ের ছাদের পলেস্তারা ঝরে পড়ছে। দেয়াল ঘেমে পানি পড়ে মূল্যবান নথিপত্র নষ্ট হচ্ছে। দরজা-জানালা নড়বড়ে ও ভাঙা। পরিদর্শকের কার্যালয় থেকে ভ্যাপসা গরম ও গন্ধ বেরোচ্ছে। লম্বা লোহার খুঁটিতে ভর করে কার্যালয় দুটির ছাদ কোনো রকমে টিকে রয়েছে। পটিয়া উপবিভাগীয় ডাকঘর পরিদর্শক নুরুল আবছার বলেন, ‘আমার এ কার্যালয়টি সম্পূর্ণরূপে ব্যবহারের অনুপযোগী। বৃষ্টি হলে ছাদ ও দেয়াল ছুঁইয়ে পানি পড়ে পুরো কার্যালয় সয়লাব হয়ে যায়। ভ্যাপসা গন্ধে বসার পরিবেশ থাকে না।’ চট্টগ্রাম বিভাগের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল এবং পূর্বাঞ্চল চট্টগ্রামের পোস্টমাস্টার জেনারেলের কাছে একাধিকবার আবেদন করার পরও কোনো কাজ হচ্ছে না বলে জানান তিনি। পটিয়া প্রধান ডাকঘরের শর্ট ইন অপারেটর চন্দন কান্তি বড়ুয়া বলেন, ‘এখানে মৃত্যুর ঝুঁকি নিয়ে সারাক্ষণ কাজ করি। কখন ছাদ ভেঙে পড়ে এ ভয়ে দৌড়ে পালানোর জন্য দরজার পাশে চেয়ার টেবিল নিয়ে অফিস করছি।’ প্রধান ডাকঘরের পোস্টমাস্টার আবু হেলাল বলেন, ব্রিটিশআমলে নির্মিত প্রধান ডাকঘরটি বহু বছর আগে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। ৯৯ সালে নির্মিত নতুন ভবনটিতেও ২২ জন কর্মকর্তা-কর্মচারীর বসার জায়গা হয় না। তাই পুরোনো ভবনে অন্যদের কাজ করতে হয়। পূর্বাঞ্চল চট্টগ্রামের সহকারী পোস্টমাস্টার জেনারেল (সংস্থাপন) মোরশেদ আলম প্রথম আলোকে বলেন, ‘সারা দেশে ডাকঘরগুলোর নেটওয়ার্ক বেশি। কিন্তু সেই হিসেবে খরচের বরাদ্দ কম হওয়ায় পটিয়া উপবিভাগীয় ডাকঘর পরিদর্শকের কার্যালয়টি এখনো করা হয়নি। তবে এ ব্যাপারে আমাদের পরিকল্পনা আছে। প্রয়োজনে কয়েক বছরের মধ্যে পটিয়া প্রধান ডাকঘরটিও সমপ্রসারণ করা হবে।’