পটিয়া পৌর আ.লীগের ওয়ার্ড কমিটি গঠন নিয়ে বিরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটিয়া পৌরসভা আওয়ামী লীগের সম্মেলন করার লক্ষ্যে ওয়ার্ড কমিটি গঠন নিয়ে শুরুতেই নেতা-কর্মীদের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কমিটি গঠনের সাত ঘণ্টার ব্যবধানে পাল্টা আরেকটি কমিটি গঠন করা হয়।
দলীয় সূত্রে জানা গেছে, আগামী ১৯ আগস্ট পৌরসভা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। সেই লক্ষ্যে ১১ জুলাই বেলা ১১টায় মুন্সেফবাজারের দলের অস্থায়ী কার্যালয়ে ২ নম্বর ওয়ার্ডের কমিটি গঠনের জন্য সভা আহ্বান করা হয়। এতে পৌর কাউন্সিলর রূপক সেনকে সভাপতি, মুজিবুর রহমানকে সাধারণ সম্পাদক ও শফিকুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে তিন সদস্যের ওয়ার্ড কমিটি ঘোষণা দেন পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ। এরপর নেতা-কর্মীদের একটি পক্ষ এই কমিটির বিরোধিতা করে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। পরে সাত ঘণ্টার ব্যবধানে সন্ধ্যা সাতটায় আরেকটি পাল্টা কমিটি গঠন করা হয়। এতে দেবাশীষ চক্রবর্তীকে সভাপতি, গফ্ফারুল বশরকে সাধারণ সম্পাদক ও সাইদুজ্জামানকে সাংগঠনিক সম্পাদক মনোনীত হন।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে আবুল কালাম আজাদ বলেন, ‘নিয়মতান্ত্রিকভাবে আমি তিন সদস্যের কমিটি ঘোষণা করেছি। পরে এই তিনজনই ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে। তা ছাড়া কমিটি গঠনের দায়িত্ব সভাপতির। অন্য কারও নয়।’
পৌর আওয়ামী লীগের সদস্য আলী আকবর সিদ্দিকী বলেন, ‘আবুল কালাম আজাদ কোনো কাউন্সিল ছাড়াই মনগড়া কমিটি গঠন করায় আমরা তা প্রত্যাখ্যান করে নিয়মতান্ত্রিকভাবে আরেকটি কমিটি গঠন করেছি।’
দলীয় সূত্রে জানা গেছে, ২০০৬ সালে পটিয়া পৌর আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়েছিল। কমিটির মেয়াদ তিন বছর হলেও বর্তমানে নয় বছর চলছে।