পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্স দুই বছরেও চালু হয়নি এক্স-রে যন্ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন বরাদ্দ পাওয়া এক্স-রে যন্ত্র গত দুই বছরেও চালু করা সম্ভব হয়নি। এর ফলে এ স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা নিতে আসা রোগীরা বিভিন্ন বেসরকারি রোগ নির্ণয়কেন্দ্র থেকে এক্স-রে করাতে বাধ্য হচ্ছেন। এতে রোগীদের গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা।

পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সের পুরোনো এক্স-রে যন্ত্র দীর্ঘদিন ধরে নষ্ট ছিল। এ কারণে ২০১৪ সালের ১১ জুন সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে প্রায় ১০ লাখ ৭০ হাজার টাকা দামের আরেকটি নতুন এক্স-রে যন্ত্র (৩০০ এম এম) বরাদ্দ দেওয়া হয়। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে সেটিও দীর্ঘ দুই বছরের অধিক সময় ধরে চালু করা যায়নি।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, এক্স-রে যন্ত্র নষ্ট থাকার পাশাপাশি ২০১৩ সালের ১৮ নভেম্বর থেকে হাসপাতালের রেডিওগ্রাফারের পদটিও শূন্য রয়েছে। ২০১৪ সালে তিন মাসের জন্য লোহাগাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের একজন টেকনোলজিস্টকে সপ্তাহে দুই দিন পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছিল। এরপর তাঁর স্থলে একই বছরের ১৫ জুন থেকে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টেকনোলজিস্ট মো. আনছার সপ্তাহে দুই দিন অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। কিন্তু আনুষঙ্গিক যন্ত্রপাতির অভাবে এক্স-রে যন্ত্র এখনো চালু করতে না পারায় তিনি কাজ করতে পারছেন না।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ‘যান্ত্রিক ত্রুটি ও বৈদ্যুতিক সমস্যার কারণে দীর্ঘ দুই বছর ধরে এক্স-রে যন্ত্র চালু করা যাচ্ছে না। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অনেকবার অবহিত করেছি।’ তিনি আরও বলেন, এই স্বাস্থ্য কমপ্লেক্সে পটিয়া উপজেলাসহ পার্শ্ববর্তী চন্দনাইশ ও বোয়ালখালী উপজেলা থেকে প্রতিদিন গড়ে ৩৫০ থেকে ৪০০ রোগী চিকিৎসাসেবা নেয়। এক্স-রে যন্ত্র চালু না হওয়ায় রোগীরা এক্স-রে সেবা থেকে বঞ্চিত হচ্ছে।