পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে টিআইবি-সনাকের তথ্যসেবা
পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৪ নভেম্বর ভ্রাম্যমাণ তথ্য ও পরামর্শসেবা কর্মসূচির আয়োজন করা হয়। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটি (সনাক) পটিয়ার এই উদ্যোগে সহায়তা দেয় সামাজিক সংগঠন ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস)।
সকাল ১০টা থেকে বেলা দুইটা পর্যন্ত এ কর্মসূচি পরিচালিত হয়। এ সময় চট্টগ্রামের সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী ভ্রাম্যমাণ তথ্য ও পরামর্শ ডেস্কের কার্যক্রম ঘুরে দেখেন।
পটিয়া টিআইবির সহকারী আঞ্চলিক ব্যবস্থাপক (অর্থ ও প্রশাসন) দুর্লভ চৌধুরী বলেন, ভ্রাম্যমাণ তথ্য ও পরামর্শসেবার প্রধান উদ্দেশ্য হচ্ছে, হাসপাতালে সেবা নিতে আসা রোগী, রোগীর আত্মীয়স্বজন ও দর্শনার্থীদের হাসপাতালের বিদ্যমান সেবা–সম্পর্কিত তথ্য দিয়ে সহায়তা করা।
টিআইবি সূত্রে জানায়, কর্মসূচি চলাকালে তাঁরা হাসপাতালের বহির্বিভাগ ও জরুরি বিভাগের পাশাপাশি বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসারত রোগী ও তাদের আত্মীয়স্বজনের সঙ্গে কথা বলেন। এ সময় কমপ্লেক্সের বিদ্যমান বিভিন্ন সেবা, সেবার মূল্য ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচারণা চালানো হয়। একই সঙ্গে সনাক-টিআইবি কর্তৃক প্রকাশিত বিভিন্ন ভাঁজপত্র বিতরণ করা হয়।
শেষে ‘ইয়েস’ সদস্যরা কর্মসূচি চলাকালে রোগীদের কাছ থেকে পাওয়া বিভিন্ন অভিযোগ ও পরামর্শ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শিশির রায়ের কাছে তুলে ধরেন।
এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স অর্পিতা দত্ত, টিআইবির সহকারী আঞ্চলিক ব্যবস্থাপক দুর্লভ চৌধুরী, ইয়েস দলনেতা ফরহাদুল ইসলাম প্রমুখ।