পটিয়ার দুই ইউনিয়নে পানির জন্য হাহাকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ও কোলাগাঁও ইউনিয়নে দুবছর ধরে পর্যায়ক্রমে পানির স্তর নিচে নেমে যাওয়ায় এলাকার এক হাজার হস্তচালিত নলকূপ থেকে পানি পাওয়া যাচ্ছে না। ফলে নিরাপদ পানির জন্য এলাকায় হাহাকার চলছে। পাঁচুরিয়া ও কোলাগাঁও এলাকায় বহু শিল্প-কারখানায় অত্যধিক গভীর নলকূপ স্থাপনের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে স্থানীয় জনপ্রতিনিধি শেখ নুরুল ইমান চৌধুরী, জনস্বাস্থ্য অধিদপ্তরের সহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হোসেন জানান। অন্যদিকে পশ্চিম পটিয়ায় শিকলবাহা, চরলক্ষ্যা ও চরপাথরঘাটা ইউনিয়নের কিছু এলাকায় গভীর ও অগভীর নলকূপের পানিতে অতিরিক্ত লবণাক্ততার কারণে মানুষ সুপেয় পানির তীব্র সংকটে ভুগছেন। এ ব্যাপারে পটিয়া উপজেলা কমিউনিস্ট পার্টি পানীয়জলের সংকট সমাধানের দাবিতে এলাকায় ব্যাপক পোস্টার লাগিয়েছে।পটিয়া জনস্বাস্থ্য অধিদপ্তর ও স্থানীয় সূত্রে জানা গেছে, পটিয়ার পাঁচুরিয়া ও কোলাগাঁও এলাকায় হাক্কানী ও বনফুল কারখানাসহ একাধিক কারখানায় ৬-১৪ ইঞ্চি ব্যাসের পাইপের গভীর নলকূপ বসিয়ে পানি তুলছে। এ কারণে এলাকার হস্তচালিত দেড় ইঞ্চি ব্যাসের পাইপের ৭০০ থেকে এক হাজার ফুট গভীর নলকূপে পানির স্তর নিচে নেমে যাওয়ায় দীর্ঘদিন ধরে এলাকাবাসী নিরাপদ পানি পান করতে পারছেন না। সরেজমিনে জানা গেছে, হাবিলাসদ্বীপ ও কোলাগাঁও ইউনিয়নে পানির স্তর নিচে নেমে যাওয়ায় এলাকার নলকূপগুলোতে পানি পাওয়া যাচ্ছে না। ফলে এলাকায় প্রায় ৫০ হাজার মানুষ নিরাপদ পানির তীব্র সংকটে ভুগছেন। এ কারণে বিশুদ্ধ পানির জন্য লোকজনকে ছুটতে হচ্ছে এখন পুকুরে। অন্যদিকে পশ্চিম পটিয়ার শিকলবাহা, চরলক্ষ্যা, চরপাথরঘাটা ইউনিয়নের কিছু এলাকার গভীর ও অগভীর নলকূপের পানিতে দীর্ঘদিন ধরে অতিরিক্ত লবণাক্ততা থাকায় তা মোটেও পান করা যাচ্ছে না। সুপেয় পানির অভাবে ভুগছেন এলাকার প্রায় ১০ হাজার মানুষ। হাবিলাসদ্বীপ ইউনিয়নের চরকানাই গ্রামের ফজলুল আমিন প্রথম আলোকে বলেন, ‘আমাদের গ্রামের নলকূপ থেকে আট মাস ধরে পানি উঠছে না। সেটি এখন অকেজো পড়ে রয়েছে। এলাকার মানুষ পুকুরের পানি সিদ্ধ করে পান করছে।’ হাবিলাসদ্বীপ গ্রামের মানিক চৌধুরীর ছেলে সমর কান্তি চৌধুরী বলেন, ‘আমাদের বাড়ির নলকূপটি প্রায় ৯০০ ফুট মাটির নিচে স্থাপন করা হয়েছে। কিন্তু গত দেড় বছর ধরে এ নলকূপ থেকে পানি পাওয়া যাচ্ছে না। এমনকি পশ্চিম চরকানাই গ্রামের ব্যাংকার মুরাদ হাছান গত দুমাস আগে প্রায় এক হাজার ফুট গভীর করে নলকূপ স্থাপন করে পানি পেয়েছেন মাত্র এক সপ্তাহ। তিনি বলেন, এলাকায় একাধিক কারখানায় গভীর নলকূপ স্থাপন করে ব্যাপক হারে পানি তোলার ফলে এ অবস্থার সৃষ্টি হয়েছে। পাচুরিয়া গ্রামের গৃহবধূ রূপনা বড়ুয়া বলেন, পানীয়জল ছাড়াও নিত্যব্যবহার্য রান্নাবান্না ও ধোয়ামোছার পানিও দূরের পুকুর থেকে অনেক কষ্ট করে আনতে হয়। হাবিলাসদ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান শেখ নুরুল ইমান চৌধুরী বলেন, ‘এলাকায় কয়েকটি কারখানায় অত্যধিক গভীর নলকূপ স্থাপনের কারণে আমাদের ইউনিয়নে দীর্ঘদিন ধরে হস্তচালিত নলকূপ থেকে উঠছে না। এলাকায় পানির হাহাকার চলছে। এ ব্যাপারে প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাচ্ছি।’কোলাগাঁও ইউনিয়নের চেয়ারম্যান নুর আলী চৌধুরীও পানীয়জলের সংকটের কথা স্বীকার করে বলেন, ‘আমরা বাইরে থেকে পানি কিনে পান করছি।’পটিয়া উপবিভাগীয় জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয় সূত্রে জানা যায়, পশ্চিম পটিয়া, বাঁশখালী সদর, গণ্ডামারা, সাতকানিয়া সদর, বোয়ালখালী পশ্চিম শাকপুরা, লোহাগাড়া উপজেলায় পানির স্তর নিচে নেমে যাওয়ায় এসব এলাকায় এখন পানির তীব্র সংকট চলছে। পটিয়া উপবিভাগীয় জনস্বাস্থ্য প্রকৌশলী রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, গ্রামের পানীয়জলের যেসব নলকূপ রয়েছে সেসবের মাথাগুলো (হ্যান্ড পাম্প) দিয়ে ২৮ ফুট লেয়ার (স্তর) থেকে পানি তোলার ক্ষমতা রয়েছে। বর্তমানে পাঁচুরিয়া ও হাবিলাসদ্বীপ এলাকায় পানির স্তর ৩০-৩৫ ফুট নিচে নেমে যাওয়ায় হ্যান্ড পাম্প দিয়ে পানি তোলা যাচ্ছে না। তিনি আরও বলেন, ‘আমার জানা মতে, হাক্কানী পেপার মিলে ছয় ইঞ্চি থেকে ১৪ ইঞ্চি মাপের পাইপ দিয়ে পানি তোলা হয়।’ পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল হোসেন গত এক বছর ধরে এলাকায় পানীয়জলের সংকটের কথা স্বীকার করে বলেন, ‘এলাকার শিল্প-কারখানাগুলোতে গভীর নলকূপ স্থাপনের কারণে এ সংকট সৃষ্টি হয়েছে। তবে তাঁরা তো অনুমতি নিয়ে কারখানা স্থাপন করেছেন তাই তাঁদের বিরুদ্ধে করার কিছুই নেই। তারপরও এ ব্যাপারে আমার কার্যালয়ে ডাকা হলে তাঁরা পানীয়জলের সমস্যা সমাধানের জন্য প্রয়োজনে এলাকায় এলাকায় গভীর নলকূপ স্থাপনে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। কিন্তু তা এখনো হয়নি।’