পটিয়ার দোকানেও ভালো পণ্য
আর মাত্র আট-নয় দিন বাকি ঈদের। ক্রেতা-বিক্রেতা কারও হাতে সময় খুব বেশি নেই। ক্রেতারা পছন্দের পোশাক কেনার জন্য চষে বেড়াচ্ছেন পটিয়া শহরের বিভিন্ন বিপণিকেন্দ্রে। ব্যবসায়ীরা জানান, চট্টগ্রাম শহরের মতো বিভিন্ন নামীদামি পণ্য পটিয়ার দোকানগুলোতে পাওয়া যাচ্ছে অনেকটা সাশ্রয়ী দামে। পটিয়া স্টেশন রোড, শহীদ ছবুর সড়ক ও ক্লাব রোড ঘিরে গড়ে ওঠা শাহ আমির মার্কেট, কাসেম মার্কেট, আলম প্লাজা, রহমান মার্কেট, চৌধুরী মার্কেট, শাহ তৈয়বিয়া মার্কেট, গুলজান মার্কেট, আরএন মার্কেট, পটিয়া সুপার মার্কেট, ননী প্লাজা ও ছবুর মার্কেট ঘুরে দেখা গেছে, সব শ্রেণী-পেশার নারী, পুরুষ, শিশু-কিশোরের ভিড়। দোকানিরা জানিয়েছেন, এবার প্রথম রোজার শুরুতেই ঈদের কেনাকাটা মোটামুটি শুরু হয়ে গেছে। শুরুতেই বেশির ভাগ থান কাপড় বিক্রি হলেও এখন শাড়ি, তৈরি পোশাক, জুতা, প্রসাধনসামগ্রীর দোকানে কেনাকাটা বেশি হচ্ছে। দেখা গেছে, প্রায় সব দোকানে ক্রেতাদের উপচে পড়া ভিড়। এমনকি বিভিন্ন গলি-উপগলিতে পর্যন্ত ভিড়ে হাঁটা যাচ্ছে না। দোকানিদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতবারের মতো এবারও মেয়েদের পোশাকের শীর্ষে রয়েছে সালোয়ার-কামিজ ও লেহেঙ্গা। সালোয়ার-কামিজের মধ্যে এসেছে মাসাকালি, কাতান, ওয়াকা ওয়াকা, জলোয়া, আদব সামিরা। শাহ আমির মার্কেটের ঢাকা গার্মেন্টসের মালিক আবদুল করিম জানান, তরুণীদের পছন্দের তালিকায় রয়েছে বুটিক, ব্লক ও চুমকির কাজ করা বিভিন্ন ধরনের সালোয়ার-কামিজ। দাম ৮০০ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত। শাড়ির মধ্যে আছে—কাতান, বাউলা কলিকাতান, মুননাইট, টিসু কাতান, জর্জেট, নেট কাতান, টিসু নেট, জামাই আদর, জামদানি ইত্যাদি। ভারতীয় সিল্ক শাড়ির মধ্যে তসর, মাখন, লেহেঙ্গা, পিউর সিল্ক; সুতির কাপড়ের মধ্যে কান্ট্রি নেট, ইতালিয়ান নেট ও টিসু কাতান বেশ চলছে। তবে শাড়ির মধ্যে অ্যামব্রয়ডারি, চুমকি ও পাথর দিয়ে বিভিন্ন নকশার ওপর কারুকাজ করা শাড়িই মহিলাদের বেশি পছন্দ। এসব শাড়ির দাম দুই থেকে ২১ হাজার টাকা। আলম প্লাজার স্বর্ণা শাড়ি কালেকশনের মালিক মোহাম্মদ ইদ্রিস জানান, তাঁর দোকানে জামদানি, টিসু, তসর সিল্ক, জর্জেট শাড়ির চাহিদাই বেশি। সালমা ফ্যাশনের মালিক মোহাম্মদ হেলাল বলেন, ‘চট্টগ্রাম শহরের মতো পোশাকের সংগ্রহ আমাদের দোকানেও আছে। বরং একই মানের পোশাক শহরের চেয়ে আমাদের কাছে কম দামে পাওয়া যাচ্ছে।’ এবার সাকুরা, ওয়ানম্যান, রিফাত, ক্লাসিক, গ্লোরি, ডানহিল ইত্যাদি ব্রান্ডের শার্ট তরুণদের পছন্দের তালিকায় রয়েছে বলে জানান রহমান মার্কেটের ফ্যাশন প্লাজার মালিক কাজী আশরাফুল আলম। তা ছাড়া বিভিন্ন ধরনের খাটো পাঞ্জাবি, হাতের কাজ ও অ্যামব্রয়ডারি করা পাঞ্জাবি তরুণদের বেশি পছন্দ। ঈদকে ঘিরে অস্থায়ী অনেক পাঞ্জাবির দোকান গড়ে উঠেছে শহরের বিভিন্ন স্থানে। তার মধ্যে ননী প্লাজার সব দোকান পাঞ্জাবি দিয়ে সাজানো হয়েছে। স্টেশন রোডের শাহ আমির মার্কেটে ছনহরা থেকে কেনাকেটা করতে আসা গৃহিণী নাসিমা আকতার বলেন, ‘বিভিন্ন দোকান ঘুরে দরদাম দেখছি। আগে ছেলেমেয়েদের পছন্দের পোশাক কিনব। এরপর নিজের জন্য কিনব জর্জেটের মধ্যে খয়েরি অথবা সবুজ রঙের শাড়ি। প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্রী রুপা আকতার বলেন, ‘এ ঈদে আমি সালোয়ার-কামিজই পরব। আড়াই হাজার টাকায় গোলাপির ওপর আকাশি রঙের সালোয়ার কিনেছি। এখন সকালে পরার জন্য কমদামের আরেকটি কামিজ কিনতে এসেছি।’