পটিয়ার প্রধান তিনটি সড়কেই জনদুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের বাজারকে কেন্দ্র করে যানজটের কারণে পৌর শহর পটিয়ার প্রধান তিনটি সড়ক শহীদ সবুর রোড, স্টেশন রোড ও আদালত সড়ক মহাদুর্ভোগের সড়কে পরিণত হয়েছে। সড়ক তিনটিতে যানবাহন চলাচল দূরের কথা, শিশুদের নিয়ে হাঁটাচলা করতেও হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষকে। স্থানীয় লোকজন জানান, শহীদ সবুর রোড, স্টেশন রোড ও আদালত সড়কে রিকশা, টেম্পো ও ভটভটির অনিয়ন্ত্রিত চলাচলের কারণে এমনিতেই যান ও জনজট লেগে থাকে। তবে ঈদবাজার উপলক্ষ্য করে রমজানের প্রথম সপ্তাহ থেকে অবস্থা বেসামাল হয়ে উঠেছে।সরেজমিনে গিয়ে দেখা যায়, সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত তিনটি সড়কেই যানজট লেগে থাকে। তবে তা অসহনীয় হয়ে ওঠে বিকেল চারটা থেকে রাত ১০টা পর্যন্ত। এ রকম অবস্থায়ও রিকশা, টেম্পো ও ভটভটি সড়কের ওপর থেমে থেমে যাত্রী ওঠা-নামা করে। থানার মোড় থেকে শহীদ সবুর রোডের বড় অংশ অবৈধ অটোরিকশা, টেম্পো ও রিকশা স্ট্যান্ডে পরিণত হয়েছে। এতে বিভিন্ন বিপণিকেন্দ্রে কেনাকাটা করতে আসা লোকজনসহ সাধারণ মানুষের ভোগান্তি চরম আকার ধারণ করে। অটোরিকশাচালক বাবুল আকতার বলেন, ‘থানার মোড়ের ন্যাশনাল ব্যাংকের পশ্চিম পাশে চট্টগ্রাম-কক্সবাজর আরাকান সড়কসংলগ্ন যে স্ট্যান্ড রয়েছে, সেখানে মানুষ যায় না। তাই আমরা সবুর রোডে এসে যাত্রীর জন্য অপেক্ষা করি।’ থানার মোড়ের অস্থায়ী হকার আবদুল হাকিম বলেন, ‘এক দিকে সকাল থেকে সড়কটিকে গাড়ির স্ট্যান্ড বানিয়ে রাখা হয়, অন্য দিকে দোকানিরা দোকানের সামনে আরেকটি দোকান বানিয়ে ভাড়া দিয়ে ফুটপাত পর্যন্ত দখল করে রেখেছেন। এতে সকাল থেকে রাত পর্যন্ত যেভাবে যানজট লেগে থাকে, তাতে হাঁটারও উপায় থাকে না।’ ১৯ আগস্ট দুপুরে শহীদ সবুর রোডের আলম প্লাজার সামনে গিয়ে দেখা যায় একেবারে সড়কের ওপর অন্তত ১০টি মোটরসাইকেল পার্কিং করে রাখা হয়েছে। আদালত সড়কের জাকির টাওয়ারের মূল ফটকের সামনে সিঁড়ি করা হয়েছে সড়ক ঘেঁষে।এদিকে, পৌর সদরের প্রধান সড়কগুলোকে কেন্দ্র করে নির্মিত অধিকাংশ বিপণিকেন্দ্রে কোনো পার্কিংয়ের ব্যবস্থা নেই। এসব বিপণিকেন্দ্রে কেনাকাটা করতে আসা লোকজন, ব্যাংক-বিমাসহ ব্যবসায়ীদের যানবাহনও রাখা হয় সড়কের ওপর। এতে প্রতিটি সড়কে যানবাহন ও জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটছে। এ ব্যাপারে কারও ওপর নিয়ন্ত্রণ নেই পৌরসভার।এদিকে, পটিয়া ক্লাবের মোড় থেকে সবুর মার্কেট পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে গর্তের সৃষ্টি হয়েছে। এতে সড়কে পানি জমে থাকায় হাঁটাচলা মুশকিল হয়ে পড়েছে। পটিয়া চৌধুরী মার্কেটের ব্যবসায়ী ও দোকান মালিক সমিতির সভাপতি এম এ ইউসুফ দোকানিদের ফুটপাত দখল করে রাখার কথা স্বীকার করে বলেন, ‘এসব ছাড়াও সড়কের ওপর বিভিন্ন ধরনের যানবাহন রাখার ফলে বেশি সমস্যা হচ্ছে। এ ব্যাপারে পুলিশ প্রশাসনকে একাধিকবার বলেও কোনো কাজ হচ্ছে না।’ পটিয়া ব্যবসায়ী সমিতির সভাপতি সফিউল আলম বলেন, ‘শহীদ ছবুর রোডে কার্পেটিং উঠে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় এবং পানিনিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টি হলে পুরো সড়কে পানি জমে। এতে পথচারীসহ ঈদের কেনাকাটা করতে আসা লোকজনের মারাত্মক সমস্যা হয়। পটিয়া পৌরসভার মেয়র হারুন অর রশিদ বলেন, ‘পটিয়া শহরে যানবাহনের কোনো স্ট্যান্ড না থাকায় যেখানে-সেখানে বিভিন্ন যানবাহন দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করা হয়। তবে এর চেয়ে বেশি যানজট হয় ব্যবসায়ীদের কারণে।’ শহীদ ছবুর সড়ক, স্টেশন সড়ক, ক্লাব সড়ক ও আদালত সড়কে ব্যবসায়ীদের অবৈধভাবে সড়ক দখল করে ব্যবসা সম্প্রসারণ ও মার্কেটে পার্কিংব্যবস্থা না রাখার কারণে বেশি যানজট হয় বলে তিনি মন্তব্য করেন।মেয়র জানান, ব্যবসায়ীদের একাধিকবার বলা সত্ত্বেও তাঁরা সড়কের দখল ছাড়ছেন না।