পটিয়ার ২২ ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের প্রচারণা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই সরগরম হয়ে উঠেছে পটিয়া। উপজেলার সর্বত্র এখন নির্বাচনী আমেজ বিরাজ করছে। পটিয়ার ২২ ইউনিয়নের মধ্যে ২১ ইউনিয়নে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ২০০৩ সালে। নির্বাচন কর্মকর্তা মো. ফারুক মিঞা জানান, আগামী ২৮ জুন অনুষ্ঠেয় এ নির্বাচনে ভোটকেন্দ্রের সংখ্যা ২০১টি। ভোটারসংখ্যা দুই লাখ ৯৩ হাজার ৭৯৩ জন। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২ জুন। বাছাই হবে ৪ ও ৫ জুন, আপিল করা যাবে ৬-৮ জুন, আপিল নিষ্পত্তি হবে ৯-১১ জুন, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১২ জুন। নির্বাচন উপলক্ষে সরগরম হয়ে উঠেছে পটিয়ার রাজনৈতিক অঙ্গন। উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ইদ্রিচ মিয়া বলেন, এটা দলীয় প্রভাবমুক্ত নির্বাচন হলেও সম্ভাব্য বিভেদ এড়াতে এক ইউনিয়নে যেন একাধিক চেয়ারম্যান পদপ্রার্থী প্রতিদ্বন্দ্বিতা না করেন সেই দিকে লক্ষ রাখা হচ্ছে। পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন চক্রবর্তী বলেন, এটি দলীয় নির্বাচন নয় বলে কেন্দ্রীয়ভাবে প্রার্থী মনোনয়ন দেওয়া হয়নি। তবে সৎ, যোগ্য ও মুক্তিযুদ্ধের পক্ষের প্রার্থীদের দলের পক্ষ থেকে সমর্থন জানানো হবে। ২২টি ইউনিয়ন পরিষদের সম্ভাব্য প্রার্থীদের নাম ইতিমধ্যে ভোটারদের আলোচনায় এসেছে।