পটিয়ায় আইন কলেজের যাত্রা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্লাস শুরুর মধ্য দিয়ে যাত্রা করল পটিয়া আইন কলেজ। গত ৩১ জুলাই অনুষ্ঠিত হয় প্রথম ব্যাচে ভর্তি হওয়া শিক্ষার্থীদের পরিচিতি অনুষ্ঠান।
কলেজের অধ্যক্ষ অনুপম নাথ বলেন, উপজেলা পর্যায়ে চট্টগ্রামের এটিই প্রথম আইন কলেজ। ২০১৫ সালে জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজটির অনুমোদন দেয়। এখন অস্থায়ী ভিত্তিতে এ এস রাহাত আলী উচ্চবিদ্যালয়ে চলছে কলেজের কার্যক্রম। পাঠদান চলবে নৈশকালীন—বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত। প্রথম ব্যাচে ভর্তি হয়েছে ৬২ জন। অধ্যক্ষ আরও বলেন, কলেজের জন্য ইতিমধ্যে ছয় শতক জায়গা কেনা হয়েছে। এতে স্থায়ী ভবন নির্মাণ করা হবে।
পরিচিতি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি এ এম মোয়াজ্জেম হোসেন। বক্তব্য দেন পটিয়া দ্বিতীয় আদালতের জ্যেষ্ঠ সহকারী জজ মোহাম্মদ নুরুল আফছার, বোয়ালখালী আদালতের জ্যেষ্ঠ সহকারী জজ দিদার হোসাইন, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান আবু জাফর চৌধুরী, চট্টগ্রাম আদালতের সরকারি কৌঁসুলি এ কে এম সিরাজুল ইসলাম চৌধুরী, এ এস রাহাত আলী উচ্চবিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ সোলায়মান, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, পটিয়া সরকারি কলেজের সহকারী অধ্যাপক রিয়াজ আহমদ প্রমুখ।
বক্তারা বলেন, পটিয়া উপজেলায় আইন কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে একটি মাইলফলক রচিত হলো। এর ফলে গ্রামের শিক্ষার্থীরা আইন বিষয়ে পড়ার সুযোগ পাবে।