পটিয়ায় আমজুর বলীখেলায় কলিমুল্লা ও বজল যুগ্ম চ্যাম্পিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হয়েছে শত বছরের ঐতিহ্যবাহী পটিয়ার আমজু মিয়ার বলীখেলা। গত ২৭ এপ্রিল পটিয়ার পরীর দীঘির পাড়ে বলীখেলার পাশাপাশি অনুষ্ঠিত হয় বৈশাখী মেলা। বলীখেলায় অংশ নেন টেকনাফ, কক্সবাজার, মহেশখালীসহ বিভিন্ন জেলার প্রায় অর্ধশতাধিক বলী। বলীখেলা দেখার জন্য পরীর দীঘির পাড়ে গত ২৭ এপ্রিল দুপুরে ভিড় জমান কয়েক হাজার দর্শক। বলীখেলা শুরুর আনুষ্ঠানিক ঘোষণার পর বলীরা বাদ্যের তালে তালে মাঠে হাজির হন। দর্শকদের আগ্রহের কেন্দ্রে ছিলেন লালদীঘির পাড়ে অনুষ্ঠিত জব্বারের বলীখেলায় দ্বিতীয় স্থান অর্জনকারী কলিমুল্লাহ বলী। শুরু হয় জমজমাট লড়াই। ‘কে হারাবেন এ খ্যাতিমান বলীকে?’ ঘোষকের এমন আহ্বানে শেষ পর্যন্ত সাড়া দিলেন কক্সবাজারের বজল বলী। দর্শকদের মধ্যে টান টান উত্তেজনা। শক্তি ও কৌশলের দিক থেকে কেউ কারও চেয়ে কম নন। প্রায় ৪০ মিনিট দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরও কেউ কাউকে পরাজিত করতে পারেননি। শেষ পর্যন্ত দুজনকে যুগ্মভাবে বিজয়ী ঘোষণা করে কর্তৃপক্ষ। জমজমাট বলীখেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পটিয়া পৌরসভার মেয়র অধ্যাপক হারুনুর রশিদ। খেলা শেষে বক্তব্য দেন পটিয়ার সাংসদ সামশুল হক চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোতাহেরুল ইসলাম চৌধুরী, পটিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান তিমির বরণ চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হোসেন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম সামশুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক বিজন চক্রবর্তী, বলীখেলার আয়োজক আনোয়ারুল আলম চৌধুরী ও পৌরসভা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর আলম চৌধুরী। শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। এরপর ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। বৈশাখী মেলায় বিক্রি হয়েছে রকমারি হস্তশিল্প। বলীখেলা দেখতে আসা দর্শকদের একটা বড় অংশ মেলা থেকে সংগ্রহ করেছেন গৃহস্থালি সামগ্রী।