পটিয়ায় কাব ক্যাম্পুরিতে খুদে স্কাউটদের দেশ গড়ার প্রত্যয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পটিয়ায় আয়োজিত চার দিনব্যাপী কাব ক্যাম্পুরিতে দেশ গড়ার শপথ নিল খুদে স্কাউটরা। ‘কাবিং করব, ডিজিটাল বাংলাদেশ গড়ব’ প্রতিপাদ্য সামনে রেখে বাংলাদেশ স্কাউটস পটিয়া উপজেলা শাখা এই কাব ক্যাম্পুরির আয়োজন করে। ২০ জানুয়ারি বিকেলে পটিয়া পৌরসভা সদরের মোহছেনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে ক্যাম্পুরির উদ্বোধন করেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোকেয়া পারভীন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্কাউটের সহসভাপতি আবু তাহের। বক্তব্য দেন উপজেলা স্কাউটস কমিশনার অরুণ কুমার মিত্র, মোহছেনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাজমুন নাহার, জেলা স্কাউটস প্রতিনিধি ধর্মলাল মহুরী ও উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা এমদাদ হোসেন চৌধুরী। স্বাগত বক্তব্য দেন উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক পীযূষ কুমার দে। ২২ জানুয়ারি মহা তাঁবু জলসা অনুষ্ঠিত হয়। ২৩ জানুয়ারি খুদে স্কাউটদের মাঝে সনদ বিতরণের মধ্য দিয়ে শেষ হয় এ আয়োজন।
২২ জানুয়ারি রাতে মহাতাঁবু জলসা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও রোকেয়া পারভীন। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোজাফ্ফর আহমদ চৌধুরী। বক্তব্য দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোতাহার বিল্লা।
কাব ক্যাম্পুরিতে উপজেলার ৩১টি বিদ্যালয়ের ২১০ জন শিক্ষার্থী অংশ নেয়। মহাতাঁবু জলসা অনুষ্ঠানে খুদে স্কাউটরা নাচ, গান, আবৃত্তি, কৌতুক ও অভিনয় পরিবেশন করে। ২৩ জানুয়ারি সকালে সমাপনী অনুষ্ঠানে কাব স্কাউটদের সনদ প্রদানের মধ্য দিয়ে চার দিনব্যাপী অনুষ্ঠান শেষ হয়।