পটিয়ায় ঘৃণাস্তম্ভ উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৭১ সালে পাকহানাদার বাহিনী এবং তাদের দোসরদের হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ, নিপীড়নসহ নানা মানবতাবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে ঘৃণা জানাতে পটিয়ায় নির্মিত হলো ঘৃণাস্তম্ভ। ১৬ ডিসেম্বর বিজয় দিবসের প্রথম প্রহরে জুতা ও থুথু নিক্ষেপ করে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার পল্লী উন্নয়ন অফিসের সামনে নির্মিত ঘৃণাস্তম্ভটি উদ্বোধন করেন শহীদ মুক্তিযোদ্ধা শাহ আলমের সহধর্মিণী সামশুর নাহার। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ঘৃণাস্তম্ভ নির্মাণের উদ্যোক্তা পটিয়ার সাংসদ সামশুল হক চৌধুরীসহ মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও আপামর জনসাধারণ। একই সময়ে পটিয়া উপজেলা কমপ্লেক্সের সামনে জাতীয় স্মৃতিসৌধের আদলে নির্মিত স্মৃতিসৌধও তিনি উদ্বোধন করেন এবং এই প্রথম পটিয়ার সকল রাজনৈতিক দলসহ সর্বস্তরের জনতা এই স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করেন।ঘৃণাস্তম্ভ উদ্বোধন শেষে পটিয়ার সাংসদ সামশুল হক চৌধুরী সাংবাদিকদের বলেন, যাঁরা বাঙালি জাতির অস্তিত্বকে ধ্বংস করতে চেয়েছিল, তাঁদের প্রতি ঘৃণা জানানোর মধ্য দিয়ে নতুন প্রজন্ম স্বাধীনতাবিরোধী জামায়াত-শিবিরের অতীত ইতিহাস খুঁজে আনবে। চট্টগ্রাম সরকারি কলেজের স্নাতক শ্রেণীর ছাত্র তৌহিদুল ইসলাম (২৬) ঘৃণাস্তম্ভে জুতা ও থুথু নিক্ষেপ করার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, আমরা স্বাধীনতা যুদ্ধ দেখিনি। কিন্তু ৭১ সালে স্বাধীনতাযুদ্ধের সময় স্বাধীনতাবিরোধীদের ভূমিকা সম্পর্কে জানতে পেরে, তাদের প্রতি ঘৃণা না জানিয়ে পারছি না। তাই এই ঘৃণাস্তম্ভে জুতা ও থুথু নিক্ষেপ করতে এসেছি। শহীদ পরিবারের সন্তান জাইদুল হক মাস্টার (৭০) বলেন, এর মাধ্যমে নতুন প্রজন্ম হানাদার বাহিনী ও তাদের এ দেশীয় দোসরদের সম্পর্কে সঠিক ইতিহাস জানার চেষ্টা করবে।