পটিয়ায় চৌধুরীদের ভোটযুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটিয়া পৌরসভা নির্বাচনে ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে হাদু চৌধুরীর বাড়ির চাচা-ভাতিজা ভোটযুদ্ধে নেমেছেন। তাঁরা হলেন জাহাঙ্গীর আলম চৌধুরী ও তাঁর ভাতিজা মোহাম্মদ ওবাইদুল্লাহ চৌধুরী।
এ ছাড়া ওই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইলিয়াছ চৌধুরীও কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন, যিনি এই দুজনেরই প্রতিবেশী। একই এলাকার এই তিন প্রার্থী শুভেচ্ছা বিনিময় ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন।
ওবাইদুল্লাহ চৌধুরী বলেন, ‘জাহাঙ্গীর আলম চৌধুরী আমার বাবার আপন চাচাতো ভাই। সে হিসেবে তিনি আমার চাচা এবং ইলিয়াছ চৌধুরী আমার প্রতিবেশী। তবে ভোট যুদ্ধে কে কার আত্মীয় এটা দেখার বিষয় নয়। ভোটাররা কী বলেন, সেটাই আসল কথা।’ তিনি আরও বলেন, নির্বাচিত হলে এলাকাকে মাদক মুক্ত ও বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন িতনি। এলাকায় তাঁর কোনো দুর্নাম নেই বলে জয়ের ব্যাপারে তিনি আশাবাদী।
জাহাঙ্গীর আলম চৌধুরীও আত্মীয়তা দূরে রেখেই নির্বাচনী লড়াই চালাচ্ছেন বলে জানালেন। তিনি বলেন, ‘ভোটের ক্ষেত্রে রক্তের সম্পর্ক বিবেচ্য নয়। আমরা একে অপরের প্রতিদ্বন্দ্বী, চাচা-ভাতিজা নই। গতবারও আমি কাউন্সিলর পদে নির্বাচন করেছিলাম। বিজয়ী না হয়েও এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি। নির্বাচিত হলে আরও ব্যাপকভাবে উন্নয়ন করতে পারব।’
ইলিয়াছ চৌধুরী বলেন, ‘জাহাঙ্গীর আলম চৌধুরী এবং ওবাইদুল্লাহ চৌধুরী আমার প্রতিবেশী। ভোট যুদ্ধে এটা আমার জন্য কোনো বিষয় নয়। এলাকার উন্নয়নে সাবেক কাউন্সিলর হিসেবে আমার অতীত অভিজ্ঞতা রয়েছে। সুষ্ঠু নির্বাচন হলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী আমি।’
এ ছাড়া ৯ নম্বর ওয়ার্ডে আরও যাঁরা কাউন্সিলর প্রার্থী হয়েছেন তাঁরা হলেন, বর্তমান কাউন্সিলর সাইফুল ইসলাম, এস এম খলিলুজ্জামান আমিরী, মুহিবুল্লাহ মুহাম্মদ আবু নোমান, লোকমান হাকিম ও শেখ সাইফুল ইসলাম।