পটিয়ায় ছয় সহকারী শিক্ষা কর্মকর্তার পদ শূন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের আটজন সহকারী শিক্ষা কর্মকর্তার মধ্যে ছয়জনের পদই দীর্ঘদিন ধরে শূন্য। ফলে উপজেলার বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন ও তদারকসহ প্রশাসনিক কাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, পটিয়া উপজেলায় ১৭৯টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে আটটি বিদ্যালয়ে চলে ক্লাস্টার কার্যক্রম। উপজেলার প্রাথমিক শিক্ষার সামগ্রিক কার্যক্রম তদারক করার জন্য একজন উপজেলা শিক্ষা কর্মকর্তা ও আটজন সহকারী শিক্ষা কর্মকর্তার পদ রয়েছে। এর মধ্যে গত তিন বছর আগে চারজন এবং এক বছর আগে থেকে দুজনের পদ শূন্য। দুজন সহকারী শিক্ষা কর্মকর্তা ১৭৯টি প্রাথমিক বিদ্যালয়সহ ক্লাস্টার কার্যক্রম তদারক করতে গিয়ে হিমশিম খাচ্ছেন।জানা যায়, প্রতি মাসে ২২ কর্মদিবসে বিদ্যালয় পরিদর্শন-সংক্রান্ত কাজ ছাড়াও তাঁদের বিভিন্ন ইউনিয়নে টিআর, কাবিখা, ১০০ দিনের কর্মসৃজন প্রকল্প ও এসএসসি পরীক্ষার দায়িত্ব পালন করতে হয়। ফলে প্রাথমিক শিক্ষা কার্যক্রম ও প্রশাসনিক কাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।নাম প্রকাশ না করে একজন সহকারী শিক্ষা কর্মকর্তা জানান, তাঁদের প্রতি মাসে ১০টি বিদ্যালয় পরিদর্শন করার কথা। বর্তমানে ছয়টি পদ শূন্য থাকায় দুজনের পক্ষে নিয়মিত বিদ্যালয় পরিদর্শন করা সম্ভব হয় না। ফলে বিদ্যালয় মনিটরিং কার্যক্রম পুরোপুরি দুর্বল হয়ে পড়েছে। এতে পিছিয়ে পড়ছে শিক্ষার মান। যোগাযোগ করা হলে পটিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোতাহের বিল্লাহ প্রথম আলোকে বলেন, ‘একজন সহকারী শিক্ষা কর্মকর্তা যেখানে মাসে একটি বিদ্যালয় পরিদর্শন করার কথা, সেখানে একটি বিদ্যালয়ও পরিদর্শন করা যাচ্ছে না।এতে সার্বিক প্রাথমিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। আমি যোগ দেওয়ার পর থেকে বিষয়টি ঊধ্বর্তন কর্তৃপক্ষকে একাধিকবার জানিয়েছি। এখনো কোনো ফল হয়নি।’