পটিয়ায় জাতীয় দক্ষতা উন্নয়ননীতি শীর্ষক সেমিনার
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহউপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী বলেছেন, নিজেদের দক্ষ হিসেবে গড়ে তুলতে না পারলে প্রাতিষ্ঠানিক শিক্ষা কোনো কাজে আসবে না। তাই জাতীয় দক্ষতা উন্নয়ন নীতির আলোকে আত্ম-কর্মসংস্থানের জন্য আনুষ্ঠানিক ও উপানুষ্ঠানিক কারিগরি, বৃক্তিমূলক শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে। তিনি ২৪ মার্চ দুপুরে পটিয়ায় জাতীয় দক্ষতা উন্নয়ন নীতি শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
স্বেচ্ছাসেবী সংস্থা নওজোয়ান ও চট্টগ্রাম গণসাক্ষরতা অভিযানের যৌথ উদ্যোগে পটিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকেয়া পারভীনের সভাপতিত্বে ও নওজোয়ানের প্রধান নির্বাহী ইমাম হোসেন চৌধুরীর সঞ্চালনায় এতে মুখ্য আলোচক ছিলেন সাংবদিক এম নাছিরুল হক। বিশেষ অতিথি ছিলেন গণস্বাক্ষরতা অভিযানের উপ-কর্মসূচি ব্যবস্থাপক মিজানুর রহমান আকন্দ, ফেনী কারিগরি কলেজের অধ্যক্ষ আবদুল আওয়াল, পটিয়ার মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম ও পটিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল হাকিম। এতে শিক্ষক, সাংবাদিক, আইনজীবীসহ সরকারি কর্মকর্তারা মুক্ত আলোচনায় অংশ নিয়ে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। —পটিয়া প্রতিনিধি