পটিয়ায় তিন বছর পর শিবিরের মিছিল
বর্তমান আওয়ামী লীগ সরকারের সাড়ে তিন বছরের মাথায় পটিয়ায় প্রথমবারের মতো প্রকাশ্যে মিছিল-সমাবেশ করেছে জামায়াত ইসলামীর ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবির। ঈদের পরেই সারা দেশে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুমকি দেওয়া হয় সমাবেশ থেকে। সমাবেশ শেষ হওয়ার প্রায় ১০ মিনিট পর পুলিশ ঘটনাস্থলে এসে কাউকে না পেয়ে ফিরে যায়।রমজানকে স্বাগত জানানোর অজুহাতে ২০ জুলাই পটিয়া পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ের কাছে বায়তুশ শরফ মসজিদে জুমার নামাজ শেষে বের হয়ে এ মিছিলের আয়োজন করে পটিয়া উপজেলা ও পটিয়া সদর শাখা। সংগঠনের প্রায় ২০০ নেতা-কর্মীর অংশগ্রহণে মিছিলটি আরাকান রোড হয়ে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের প্রধান ফটক দিয়ে ঘুরে সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আশেকুল মোস্তাফা তায়ফুলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন দক্ষিণ জেলা শিবিরের সাধারণ সম্পাদক মুহাম্মদ তারেক হোসেন, অফিস সম্পাদক ওমর ফারুক, স্কুলবিষয়ক সম্পাদক মুহাম্মদ ইউছুফ প্রমুখ।সমাবেশে বক্তারা অভিযোগ করেন, যুদ্ধাপরাধীদের বিচারের নামে সরকার জামায়াত ইসলামীর শীর্ষস্থানীয় নেতাদের বিভিন্নভাবে নির্যাতন চালাচ্ছে। নির্যাতন বন্ধ না করলে ঈদের পরেই সারা দেশে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে তাঁরা হুমকি দেন। তা ছাড়া মাহে রমজানে দোকানপাট, হোটেল-রেস্তোরাঁ বন্ধসহ অসামাজিক কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়। এদিকে মিছিল ও সমাবেশের খবর পেয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুর রশিদসহ এক দল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। কিন্তু ততক্ষণে শিবিরের নেতা-কর্মীরা নিরাপদ স্থানে চলে যান। প্রসঙ্গত, বর্তমান আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর পটিয়ায় জামায়াত-শিবিরের পক্ষ থেকে প্রকাশ্যে কোনো মিছিল-সমাবেশ করতে দেখা যায়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র জানায়, শিবির কর্মীরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও কোচিং সেন্টারে কৌশলে সাংগঠনিক তৎপরতা চালিয়ে যাচ্ছেন।