
দশম জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ১২ (পটিয়া) আসনে কাগজে-কলমে লড়াই করছেন দুই প্রার্থী। তাঁদের একজন আওয়ামী লীগের বর্তমান সাংসদ সামশুল হক চৌধুরী এবং অন্যজন জাতীয় পার্টির সাবেক সাংসদ সিরাজুল ইসলাম চৌধুরী। দুই চৌধুরীর একজন শুরু থেকে মাঠ চষে বেড়ালেও নির্বাচনী দৌড়ে পিছিয়ে রয়েছেন অন্য চৌধুরী।তবেপ্রধানবিরোধীদল ছাড়া এ নির্বাচন নিয়ে তেমন উত্তাপ নেই এলাকায়।
মাঠে উত্তাপ না থাকলেও গত কয়েক দিন থেকে বিভিন্ন স্থানে পোস্টার-ব্যানার দেখা গেছে দুই প্রার্থীর। তবে সাদা-কালো হওয়ায় এসব পোস্টার-ব্যানার নিয়ে তেমন উৎসাহ নেই ভোটারদের মধ্যে।
পটিয়া নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, এ আসনে সামশুল হক চৌধুরী ও সিরাজুল ইসলাম চৌধুরী ছাড়াও ইসলামী ফ্রন্টের মঞ্জুরুল করিম মনোনয়নপত্র দাখিল করেছিলেন। পরে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করেন। বর্তমানে প্রতিদ্বন্দ্বী রয়েছেন আওয়ামী লীগ ও জাতীয় পার্টির দুই চৌধুরী। সামশুল হক চৌধুরী ২০০৮ সালে আওয়ামী লীগ এবং সিরাজুল ইসলাম চৌধুরী ১৯৮৮ সালে জাতীয় পার্টি থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন।
এলাকার ভোটাররা জানান, সামশুল হক চৌধুরী গতবার নির্বাচিত হওয়ার পর থেকে এ পর্যন্ত এলাকাছাড়া হননি। তার পরও এবার বিএনপি নির্বাচনে এলে সামশুল হক চৌধুরীর সঙ্গে লড়াই হতো বিএনপি প্রার্থীর সঙ্গে। কারণ জাতীয় পার্টির প্রার্থীর সঙ্গে সাধারণ মানুষের তেমন যোগাযোগ নেই।
পৌর এলাকার ভোটার সমীরণ দে বলেন, বিভিন্ন এলাকার উন্নয়ন কর্মকাণ্ড থেকে শুরু করে ভোটারদের নানা সমস্যা সমাধানে সাড়া দিয়েছেন সামশুল হক চৌধুরী। এবার মনোনয়নপত্র বাছাইয়ের পরদিন থেকেও গণসংযোগে নেমেছেন তিনি।
এদিকে জাতীয় পার্টির প্রার্থীর ব্যাপারে দলের মধ্যেই রয়েছে নেতিবাচক ধারণা। দলের দক্ষিণ জেলা কমিটির শ্রম সম্পাদক মোস্তাক আহমদ বলেন, সিরাজুল ইসলাম চৌধুরী ১৯৮৮ সালে নির্বাচিত হওয়ার পর তিন বছর মাঠে সক্রিয় ছিলেন। ১৯৯০ সালের পর থেকে তিনি নিষ্ক্রিয় হয়ে পড়েন। ভোটারদের সঙ্গে সম্পর্ক না থাকায় সামশুল হক চৌধুরীর সঙ্গে লড়াই করা তাঁর জন্য কঠিন হবে।
জানতে চাইলে সিরাজুল ইসলাম চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘দলের কেন্দ্রীয় নেতা হিসেবে বেশির ভাগ সময় আমাকে ঢাকায় থাকতে হয়। তবে এলাকার নেতা-কর্মীদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে।’
তিনি আরও বলেন, ‘ঢাকা ও চট্টগ্রাম শহরে অবস্থানরত পটিয়ার গণ্যমান্য লোকজন এবং সামশুল হক চৌধুরী বিরোধী আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে আমার কথা হয়েছে। তাঁদের কাছ থেকে যেভাবে উৎসাহ ও সাড়া পেয়েছি তাতে জয়ের ব্যাপারে আমি আশাবাদী।’
এ ছাড়া গত বুধবার বিকেলে পটিয়া এসে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, নির্বাচন নিয়ে প্রথমে কিছুটা অনিশ্চয়তা থাকায় মাঠে নামতে একটু দেরি হয়েছে। দুদিন আগে রওশন এরশাদের মাধ্যমে চেয়ারম্যানের সম্মতি পেয়ে এখন পুরোদমে মাঠে নেমেছেন।
নির্বাচন কেমন হবে জানতে চাইলে শামসুল হক চৌধুরীর ঘনিষ্ঠ জন পটিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম শামসুজ্জামান চৌধুরী বলেন, ‘নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর হবে। শামসুল হক চৌধুরী পাঁচ বছর ধরে জনগণের পাশে ছিলেন। পটিয়াকে তিনি সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত রাখতে এবং সব দলের সহাবস্থানের ভিত্তিতে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সক্ষম হয়েছেন। এ ছাড়া বিভিন্ন এলাকায় ৪০০ কোটি টাকার উন্নয়নকাজ করেছেন তিনি। জনগণ এবারও তাঁকে বিপুল ভোটে নির্বাচিত করবেন বলে আমরা শতভাগ আশাবাদী।’