পটিয়ায় দেড় মাসে ২৩টি ট্রান্সফরমার চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রান্সফরমার চুরি রোধে করণীয় সম্পর্কে ১৭ জানুয়ারি পল্লী বিদ্যুৎ সমিতির উদ্যোগে পটিয়ার দক্ষিণ ভূর্ষি এলাকায় মাইকিং করা হয়। বলা হয়, ট্রান্সফরমার শিকল ও তালা দিয়ে বেঁধে রাখার জন্য। ওই রাতেই দক্ষিণ ভূর্ষির তিনটি ট্রান্সফরমার চুরি হয়। এর দুই দিন আগে চুরি হয় ধলঘাটের তিনটি। এ নিয়ে পটিয়া উপজেলায় গত দেড় মাসে চুরি হয়েছে পাঁচ থেকে ২৫ কেভির ২৩টি ট্রান্সফরমার।স্থানীয় লোকজন জানান, প্রায় রাতেই কোনো না কোনো গ্রামে ট্রান্সফরমার চুরি হচ্ছে। চুরি যাওয়া ট্রান্সফরমার আবার স্থাপন না করায় বর্তমানে অন্ধকারে আছে ১০ গ্রামের প্রায় দুই শতাধিক পরিবার (গ্রাহক)। খোঁজ নিয়ে জানা গেছে, ১৭ জানুয়ারি রাতে দক্ষিণ ভূর্ষি ইউনিয়নের পূর্ব ডেঙ্গাপাড়া প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকা থেকে একটি, তার দক্ষিণে সমর দত্তের বাড়ির সামনে একটি ও হিমাংশু দত্তের বাড়ির সামনে থেকে একটি ট্রান্সফরমার চুরি হয়। তার দুই দিন আগে পাশের ধলঘাট ইউনিয়নের গৈড়লা, তেকোটা ও মুকুটনাইট গ্রাম থেকে তিনটি ট্রান্সফরমার চুরি হয়ে গেছে। এ ছাড়া গত ডিসেম্বর থেকে চলতি জানুয়ারি পর্যন্ত বিনিনিহারা, কর্তলা, এয়াকুবদণ্ডি, বুধপুরা, বরলিয়া, আজিমপুর, ভুবনপাড়া, কচুয়াই, আলমদরপাড়া, ছনহরা, হাইদগাঁও ও কেলিশহর থেকে ট্রান্সফরমার চুরি হয়েছে। চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতির-১ সূত্রে জানা গেছে, পাঁচ কেভি একটি ট্রান্সফরমারের মূল্য ৩৮ থেকে ৪০ হাজার, ১০ কেভি ৭০ হাজার, ১৫ কেভি ৮০ হাজার ও ২৫ কেভির ট্রান্সফরমারের মূল্য দেড় লাখ টাকা। সেই হিসাবে পাঁচ কেভি থেকে ২৫ কেভির ২৩টি ট্রান্সফরমারের মূল্য হচ্ছে ১০ লাখ ৭৩ হাজার টাকা। সরকারি নিয়মে প্রথমবার ট্রান্সফরমার চুরি হলে একটি নতুন ট্রান্সফরমার মূল্যের অর্ধেক এবং দ্বিতীয়বার চুরি হলে শত ভাগ টাকা গ্রাহক পরিশোধ করলে ট্রান্সফরমার আবার স্থাপন করা হয়। ইতিমধ্যে বিনিনিহারা, কর্তলা, আজিমপুর, ছনহরা ও মুকুটনাইটের গ্রাহকেরা টাকা পরিশোধ করায় সেসব এলাকায় ট্রান্সফরমার স্থাপন করা হয়েছে। ধলঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছালামত উল্লাহ মল্ল তাঁর এলাকায় তিনটি ট্রান্সফরমার চুরির কথা স্বীকার করে বলেন, ‘এগুলো স্থানীয় অপরাধীদের সহায়তায় বিদ্যুৎ বিভাগে অস্থায়ীভাবে কর্মরতরাই চুরি করে। পরে চট্টগ্রামের বিভিন্ন স্থানে বিক্রি করে দেয়।’ তিনি আরও বলেন, ‘পল্লী বিদ্যুৎ সমিতিই ট্রান্সফরমার পাহারা দেবে। আর চোরেরা চুরি করবে, গ্রাহকদেরকে তাঁর ক্ষতিপূরণ দিতে হবে—এটা কোন ধরনের আইন?’দক্ষিণ ভূর্ষি ইউনিয়নের বাসিন্দা আবদুল মোতালেব বলেন, ‘বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। সামনে এসএসসি পরীক্ষা। এতে পরীক্ষার্থীদের পড়ালেখার ক্ষতি হচ্ছে।’পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ ছবুর প্রথম আলোকে বলেন, ‘এ ব্যাপারে পল্লী বিদ্যুৎ সমিতির সঙ্গে আমরা কথা বলেছি। কয়েক দিনের মধ্যে স্থানীয় চেয়ারম্যান-মেম্বারদের নিয়ে বৈঠক করব।’ তিনি বলেন, স্থানীয় যারা বৈদ্যুতিক লাইনের কাজ করেন, তারাসহ সমিতির কিছু অসাধু কর্মচারী চুরির সঙ্গে জড়িত বলেন সন্দেহ করা হচ্ছে। এ প্রসঙ্গে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতির-১ এর সহকারী মহাব্যবস্থাপক খালেদ মোহাম্মদ সালাউদ্দিন সমিতির কেউ জড়িত থাকার কথা অস্বীকার করে বলেন, ট্রান্সফরমার শিকল দিয়ে বেঁধে রাখার পরও চুরি হচ্ছে। কিছু স্থানে ট্রান্সফরমার একাধিকবারও চুরি হয়েছে। এভাবে চুরি হলে সমিতি টিকে থাকাই দায় হয়ে পড়বে। ক্ষতিপূরণ প্রদান প্রসঙ্গে তিনি বলেন, ‘ট্রান্সফরমার চুরি হলে প্রথমবারের গ্রাহককে অর্ধেক মূল্য এবং দ্বিতীয়বার চুরি হলে শতভাগ গ্রাহককে পরিশোধ করার নিয়ম রয়েছে। তবে সেচের ব্যাপারে প্রথমবারেই শতভাগ পরিশোধ করতে হবে।’