পটিয়ায় পরীক্ষাকেন্দ্রের পাশে বাণিজ্য মেলা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটিয়া সরকারি কলেজের এইচএসসি পরীক্ষাকেন্দ্রসংলগ্ন মাঠে কাল শুরু হচ্ছে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা। অথচ পরীক্ষা চলাকালে কেন্দ্রের ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা বহাল থাকে। তার পরও কীভাবে মেলার আয়োজন চলছে এ নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয় প্রশাসন ‘জেলা প্রশাসকের ব্যাপার’ বলে দায় এড়ানোর চেষ্টা করছে। আয়োজকেরা বলছেন, তাঁরা যাবতীয় অনুমতি নিয়েই মেলা করছেন। এদিকে, খেলার মাঠে মেলার আয়োজন চলায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় খোলায়াড় সমিতির নেতারাও।জানা যায়, পটিয়া আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে ৮ এপ্রিল শুরু হচ্ছে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা। সাউথ এশিয়ান ফরেন জোন এ মেলার আয়োজক।কলেজ ও বিদ্যালয় সূত্রে জানা যায়, এ কেন্দ্রে নয়টি কলেজের এক হাজার ৬২৮ জন এইচএসসি পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এ ছাড়া ১৮ এপ্রিল শুরু হবে উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ-দশম শ্রেণীর শিক্ষার্থীদের প্রথম সাময়িক পরীক্ষা। যোগাযোগ করলে সাউথ এশিয়ান ফরেন জোনের স্বত্বাধিকারী মোহাম্মদ বশিউর রহমান প্রথম আলোকে বলেন, ‘পটিয়া আদর্শ উচ্চবিদ্যালয়সহ প্রশাসনের অনুমতি নিয়েই মেলার আয়োজন করছি। এ ছাড়া পটিয়া সরকারি কলেজের অধ্যক্ষের কাছ থেকেও আমরা অনুমতি নিয়েছি।’ পটিয়া সরকারি কলেজের অধ্যক্ষ এ এন এম ইউছুফ চৌধুরী বলেন, ‘এ মাঠ আমাদের নয়। পটিয়া আদর্শ উচ্চবিদ্যালয়ের। তাই আমাদের অনুমতি দেওয়ার প্রশ্নই আসে না। তবে আমাদের কাছে অনুমতির জন্য আসলে এইচএসসি পরীক্ষার কথা উল্লেখ করে শান্তিশৃঙ্খলা রক্ষার্থে পরীক্ষার সময় অনুযায়ী ১৪৪ ধারা জারি থাকা সাপেক্ষে উপজেলা ও থানা প্রশাসন থেকে অনুমতি নেওয়ার অনুরোধ করেছি।’এ প্রসঙ্গে পটিয়া আদর্শ উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তুষার কান্তি দাশ বলেন, ‘মাঠ ব্যবহারের আবেদন জমা দিয়ে আমাদের অনুমতির আগেই তো তাঁরা কাজ শুরু করে দিয়েছেন। মাঠে গিয়ে কাজ বন্ধ করার কথা বলার পর পটিয়ার সাংসদ ফোন করে অনুমতি দেওয়ার জন্য বলেন। এরপর বিদ্যালয়ের পাঠদান ও পরীক্ষা চলাকালীন সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মাইক বন্ধ রাখার শর্তে অনুমতি দেওয়া হয়েছে।’ সাংসদ সামশুল হক চৌধুরী দেশের বাইরে থাকায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে সাংসদের সহকারী একান্ত সচিব (এপিএস) হাবিবুল হক বলেন, ‘পরীক্ষা চলাকালে যাতে কোনো ধরনের শব্দ না করে এ ব্যাপারে নিষেধ করে দেওয়া হয়েছে। এমপি সাহেবের মতে, এত বড় একটা মেলা যে পটিয়ায় হচ্ছে—এটাই তো গৌরবের।’সরেজমিনে দেখা যায়, জোরেশোরে চলছে মেলার প্রস্তুতি। রাতদিন কাজ করছেন শ্রমিকেরা। বিদ্যালয়ের শ্রেণীকক্ষসংলগ্ন মাঠের উত্তর-পশ্চিম কোণে মেলার দর্শক ও স্টলের লোকজনের জন্য নির্মাণ করা হয়েছে শৌচাগার। মেলায় ১২০টি স্টল তৈরি হচ্ছে বলে জানা যায়।পটিয়া খেলোয়াড় সমিতির আহ্বায়ক মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, ‘মাঠটিতে খোলোয়াড়েরা নিয়মিত অনুশীলন করেন। কিন্তু এভাবে মাঠে মেলা চললে ক্রীড়াঙ্গনে স্থবিরতা দেখা দেবে। মেলাটি যখন এতই প্রয়োজন তাহলে উপজেলা মাঠে করা যেত।’ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, ‘এ ব্যাপারে অনুমতি দেবেন জেলা প্রশাসক। তবে আয়োজকেরা অনুমতি নিয়েছেন কি না—এ ব্যাপারে আমি অবগত নই।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল হোসেন বলেন, ‘মেলার অনুমতি জেলা প্রশাসকই দিতে পারেন। আমিও তাঁদের এ কথা বলেছি। তবে এখনো জেলা প্রশাসকের কাছ থেকে অনুমতি নিয়েছেন কি না আমার জানা নেই।’ জেলা প্রশাসক ফয়েজ আহমেদ প্রথম আলোকে বলেন, ‘আদৌ অনুমতি নেওয়া হয়েছে কিনা আমার জানা নেই। আর অনুমতি নিলে স্থানীয় প্রশাসন এ ব্যাপারে অবহিত থাকবে।’