১৯৭১ সালের ১৬ এপ্রিল স্বাধীনতাযুদ্ধে পটিয়া থানার মোড়সহ একাধিক জায়গায় পাকিস্তানি বাহিনীর বিমান হামলায় শহীদদের স্মরণে পটিয়া গৌরব সংসদসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি পালন করে। ওই বিমান হামলায় অন্তত ২০ জন শহীদ হন। এ উপলক্ষে ওইদিন বিকেলে পটিয়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে স্মরণানুষ্ঠান উদ্যাপন পরিষদের আহ্বায়ক অধ্যাপক আবদুল আলিমের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা মোতাহেরুল ইসলাম চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শামশুদ্দীন আহমদ, অ্যাডভোকেট হরিসাধন দেবব্রহ্মণ, পটিয়া আইনজীবী সমিতির সভাপতি মোয়াজ্জেম হোসেন, মুক্তিযোদ্ধা মৃণাল বড়ুয়া, হাসান শহীদুল আলম, সাবেক চেয়ারম্যান তাজুর মুল্লুক, অধ্যাপক অজিত মিত্র, কবি শেখর নাথ, মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ, সিপিবির নেতা হাবিবুর রহমান, অধ্যাপক দোর্দণ্ড প্রতাপ বড়ুয়া, সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ছৈয়দ, সাংবাদিক হারুনর রশিদ সিদ্দিকী, আবদুর রাজ্জাক, অভিজিৎ বড়ুয়া, এস এম এ কে জাহাঙ্গীর, গোফরান রানা প্রমুখ। নিহতদের স্মরণে শোক প্রস্তাব পাঠ করেন অধ্যাপক ভগীরত দাশ। বক্তারা পটিয়ায় পাকিস্তানি হানাদার ও রাজাকারদের হাতে মুক্তিযোদ্ধাসহ নিরীহ শহীদদের সঠিক তালিকা সংগ্রহ করে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানান। থানার মোড়ে স্মৃতিসৌধ নির্মাণের কাজ দ্রুত শুরু করার জন্য জেলা পরিষদের কাছে দাবি জানান তাঁরা। সভা শেষে মুক্তিযুদ্ধের ওপর প্রমাণ্যচিত্র প্রদর্শন করা হয়।এর আগে পটিয়া থানার মোড়ে শহীদদের স্মৃতিস্থানে বিভিন্ন সংগঠনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জাতীয় পার্টির নেতা শামসুল আলম মাস্টার, ডা. দিলীপ ভট্টাচার্য্য প্রমুখ বক্তব্য দেন।