পটিয়ায় পাসের হার ও জিপিএ-৫ কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এইচএসসির ফলাফলে পটিয়া সরকারি কলেজে পাসের হার ও জিপিএ-৫ কমেছে। এবার জিপিএ-৫ পেয়েছেন ৫১ শিক্ষার্থী, যা গতবার ছিল ৬১ জন। তা ছাড়া এবার পাসের হার ৮৭ দশমিক ২৫, যা গত বার ছিল ৮৮ শতাংশ।
কলেজ সূত্রে জানা গেছে, ২০১৪ সালের এইচএসসি পরীক্ষায় কলেজের পরীক্ষার্থী ছিল ৮৫৭ জন। পাস করেছেন ৭৪৫ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ছয়জন ও ব্যবসাশিক্ষা থেকে ৪৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।
জানা যায়, ২০১৩ সালে কলেজের পরীক্ষার্থী ছিল ৮৪৩ জন। পাস করেছিলেন ৭৭৩ জন। তখন বিজ্ঞান বিভাগ থেকে ২৭, ব্যবসাশিক্ষা থেকে ৩২ ও মানবিক বিভাগ থেকে দুজন জিপিএ-৫ পেয়েছিলেন।
এ ব্যাপারে কলেজের উপাধ্যক্ষ সজল কান্তি পাল বলেন, গত বছর প্রশ্নপত্র সৃজনশীল ছিল আংশিক। এবার অধিকাংশ বিষয়ে সৃজনশীল হওয়ায় জিপিএ-৫ গত বছরের তুলনায় কিছুটা কমেছে।