পটিয়ায় পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটিয়া থানার পুলিশ বিভাগের উদ্যোগে ৭ জুন ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়। থানা প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে পটিয়ার পুলিশ কর্মকর্তাদের সঙ্গে স্থানীয় বাসিন্দা ও কমিউনিটি পুলিশ সদস্যরা মতবিনিময় করেন। এই সময় পুলিশ কর্মকর্তাদের সামনে নাগরিকেরা উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে নানা অভিযোগ তুলে ধরেন।
উপস্থিত বক্তরা পটিয়া উপজেলায় মাদকের বিস্তৃতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। এবং এ বাপারে পুলিশের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহাব উদ্দিন খলিফার সভাপতিত্বে এবং উপ-পরিদর্শক (এসআই) রাশেদুল হকের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) নাজমুল হাসান, বক্তব্য দেন পটিয়ার সহকারী পুলিশ সুপার (এএসপি) শামীম হোসেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ নেয়ামত উল্লাহ, চট্টগ্রাম জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক শাহাদত হোসেন, খরনা ইউপি চেয়ারম্যান মফজল আহমদ চৌধুরী, কোলাগাঁও ইউপি চেয়ারম্যান শামশুল আলম, ইউপি সদস্য শিলা দাশ প্রমুখ।
সভায় ধলঘাটের বাসিন্দা মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, ধলঘাট ইউনিয়নের কয়েকটি গ্রাম এখন মাদক ব্যবসায়ীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। এলাকার বৃদ্ধ থেকে শুরু করে কিশোরেরাও মাদক সেবন করছে।
শিকলবাহার মোহাম্মদ ওসমান বলেন, পুলিশের কাছে অভিযোগ দায়ের করলেও পুলিশ এলাকায় যায় না। ফলে এলাকার ছাত্র ও যুব সমাজ মাদকের নেশায় জড়াচ্ছে।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) নাজমুল হাসান বলেন, সাধারণ জনগণের সহায়তা পেলে মাদক ব্যবসায়ীরা নির্মূল হবে। অপরাধ কমাতে কমিউনিটি পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।