পটিয়ায় প্রজন্ম লীগ নেতার হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটিয়ার কোলাগাঁও ইউনিয়ন আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি মোহাম্মদ বাহাদুরের হত্যাকারীদের গ্রেপ্তার করে শাস্তির দাবিতে ১৪ ফেব্রুয়ারি বিকেলে মানববন্ধন করা হয়েছে।

দক্ষিণ জেলা ও পটিয়া উপজেলা প্রজন্ম লীগের উদ্যোগে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে পটিয়া থানার মোড়ে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে প্রজন্ম লীগের নেতা-কর্মী ও স্থানীয় লোকজন অংশ নেন।

দক্ষিণ জেলা প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক আলমগীর আলমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক আবদুল খালেক, পটিয়া উপজেলা যুবলীগের সভাপতি বেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবদুর রহিম, পৌরসভা যুবলীগের সভাপতি নুর আলম ছিদ্দিকী, সাধারণ সম্পাদক রফিকুল আলম, দক্ষিণ জেলা প্রজন্ম লীগের সহসভাপতি আবদুর রউফ, পটিয়া উপজেলার সভাপতি কামাল হোসেন, চন্দনাইশ উপজেলার সভাপতি নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক সৈকত দাশ, কোলাগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ হারুন প্রমুখ।

মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল সহকারে পটিয়া থানায় গিয়ে স্মারকলিপি প্রদান করা হয়।

উল্লেখ্য, ৯ ফেব্রুয়ারি রাত সাড়ে ১১টায় বাড়ি থেকে প্রায় ৫০০ গজ দূরে হাইদার আলী জামে মসজিদের সামনে সড়কে বাহাদুরকে ছুরিকাঘাত ও কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। পরদিন ১০ ফেব্রুয়ারি বাহাদুরের ভাই মো. মোরশেদ বাদী হয়ে ছয়জনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন।