পটিয়ায় বিওসি-ফইল্যাতলী সংযোগ সড়ক বেহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটিয়া পৌরসভার বিওসি-ফইল্যাতলী সংযোগ সড়ক নির্মাণের কয়েক বছরের মধ্যে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। অপ্রশস্ত রাস্তার স্থানে স্থানে গর্তের সৃষ্টি হয়েছে, উঠে গেছে রাস্তার দুই পাশের পিচ ঢালাই। ভাঙাচোরা এ সড়কে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। খোঁজ নিয়ে জানা গেছে, বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের আমলে তৎকালীন ২০০৪-০৫ অর্থবছরে বিওসি-ফইল্যাতলী পর্যন্ত ৪৫০ মিটার সংযোগ সড়কটি ১০ লাখ টাকা ব্যয়ে পিচ ঢালাই করা হয়। কিন্তু কয়েক বছর যেতে না যেতে সড়কে গর্তের সৃষ্টি হয় এবং দুই পাশের পিচ উঠে যায়। এ সড়ক দিয়ে প্রতিদিন পটিয়ার কেলিশহর, হাইদগাঁও, ধলঘাট, দক্ষিণভূর্ষি, পটিয়া সদর, বোয়ালখালী উপজেলার করলডেঙ্গা, ধরালাসহ বিভিন্ন এলাকার কয়েক হাজার মানুষ যাতায়াত করে। এ ছাড়া বু-আলী কালন্দর শাহের (র.) মাজার, মেধামুনি আশ্রম এবং কেলিশহর দারোগাহাটের সবজি বাজারে যাতায়াতকারী লোকজনও এ রাস্তা দিয়ে চলাচল করেন।সিএনজি অটোরিকশাচালক সাইফুল ইসলাম বলেন, ‘সড়কটি ভেঙে গেছে দুই বছর হচ্ছে। কিন্তু এখনো সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি। এ রাস্তা দিয়ে প্রতিদিন শতাধিক টেম্পো, অটোরিকশা ও পণ্যবাহী ট্রাক চলাচল করে। ভাঙাচোরা রাস্তায় প্রায়ই দুর্ঘটনা ঘটে।’পটিয়া উপজেলা স্থানীয় সরকার বিভাগের সহকারী প্রকৌশলী জাকির হোসেন জানান, এটি গ্রাম্য সড়ক হিসেবে সংস্কার করা হয়েছে। কিন্তু সড়ক দিয়ে অতিরিক্ত মাল বোঝাই যানবাহন চলাচল করায় দ্রুত ভেঙে গেছে।উপজেলা প্রকৌশলী আবু তালেব চৌধুরী বলেন, ‘তিন-চার বছর পরপর সংস্কার করলে সড়ক ঠিক থাকে। কিন্তু এসব ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হয় উপজেলা সদরের সড়কগুলো। গ্রামের সড়কগুলো নিয়মিত সংস্কার করা হয় না।’পটিয়া পৌরসভার মেয়র হারুনুর রশিদ বলেন, ‘সড়কটি চলতি অর্থবছরে সংস্কার করার জন্য প্রায় ২০ লাখ টাকার একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। জুলাই মাসে এ সড়ক সংস্কারের জন্য দরপত্র আহ্বান করা হবে।’