পটিয়ায় বিটার থিয়েটার-বিষয়ক সম্মেলন
‘থিয়েটার মানুষের উন্নয়নের কথা বলে। থিয়েটারের মাধ্যমে তৃণমূল পর্যায়ে মানুষের মনে নানা পরিবর্তন ঘটে। এ সম্মেলনের মাধ্যমে এশিয়া অঞ্চলে উন্নয়ন থিয়েটারকর্মীদের মধ্যে সেতুবন্ধন তৈরি হবে।’ ‘থিয়েটার, এমপাওয়ারমেন্ট অ্যান্ড সোশ্যাল অ্যাকশন’ শীর্ষক এশিয়া রিজিওনাল থিয়েটার ফর ডেভেলপমেন্ট কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেছেন আন্তর্জাতিক থিয়েটার ইনস্টিটিউটের (আইটিআই) বিশ্ব সভাপতি নাট্যজন রামেন্দু মজুমদার। দ্য রয়েল ডেনিশ দূতাবাসের সহযোগিতায় বাংলাদেশ ইনস্টিটিউট অব থিয়েটার আর্টসের (বিটা) উদ্যোগে পটিয়ায় বিটা সংস্কৃতি ও যোগাযোগ ট্রাস্টে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। বিটার কার্যনির্বাহী পরিষদের সভাপতি আবুল মনসুর এতে সভাপতিত্ব করেন। উন্নয়ন নাট্য বিষয়ে মাঠ পর্যায়ের অভিজ্ঞতা অর্জন, বিভিন্ন প্রায়োগিক ও প্রাতিষ্ঠানিক উন্নয়ন বিষয়ে নাট্য বিশেষজ্ঞের সঙ্গে মতবিনিময় ও এশিয়া অঞ্চলের বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শনের সুযোগ তৈরির লক্ষ্যে এ সম্মেলনের আয়োজন করা হয়। উদ্বোধনী পর্বে অন্যদের মধ্যে আলোচনা ও প্রবন্ধ পাঠ করেন কোরিয়া স্যাংম্যাউং বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক কিম চ্যাংওয়া, ভারতের নাট্যচেতনার পরিচালক ও আরটেনের সাধারণ সম্পাদক সুবোধ পট্টনায়েক, নেপালের মানডালা থিয়েটারের পরিচালক লোনিভা তুলাধর, ন্যাশনাল অ্যালায়েন্স ফর ডেভেলপমেন্ট থিয়েটারের (এনএডিটি) বাংলাদেশের সভাপতি ইসরাফিল শাহিন, বিটার নির্বাহী পরিচালক শিশির দত্ত প্রমুখ।