পটিয়ায় বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা কয়েক দিনের ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও শিকলবাহা, চানখালীসহ বিভিন্ন খালে জোয়ারের পানি বেড়ে যাওয়ায় পটিয়া পৌরসভাসহ উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে সংশ্লিষ্ট এলাকার জনগণের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে, কুসুমপুরা, আশিয়া, কাশিয়াইশ, বরলিয়া, জঙ্গলখাইন, কোলাগাঁও, ছনহরা, জিরি, কচুয়াই, জুলধা, চরলক্ষ্যা, চরপাথরঘাটা ও ভাটিখাইন ইউনিয়নে বিপুল জমির আউশ ধান ও গ্রীষ্মকালীন শাকসবজি তলিয়ে গেছে। চট্টগ্রাম-কক্সবাজার আরাকান সড়কসহ অধিকাংশ অভ্যন্তরীণ পাকা সড়কের পিচ (কার্পেটিং) উঠে গেছে। চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বিভিন্ন গ্রামের প্রায় কাঁচা সড়ক। উপজেলার এক হাজার ২০০ হেক্টর আউশ ধান, ৬০ হেক্টর গ্রীষ্মকালীন শাকসবজি পানিতে আংশিক ডুবে গেছে। সরেজমিনে গত শনিবার দেখা গেছে, পৌর এলাকার প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র (পিটিআই), চট্টগ্রাম-কক্সবাজার সড়কের পটিয়া পল্লী বিদ্যুৎ ও স্বাস্থ্য কমপ্লেক্স এলাকার উত্তরাংশ, পটিয়া-কেলিশহর সড়কের আমির ভান্ডার দরবার শরিফের সামনের অংশ, সূচক্রদণ্ডি সাহিত্য বিশারদ সড়ক পানিতে নিমজ্জিত। তবে গতকাল এ প্রতিবেদন তৈরির সময় পানি কিছুটা নেমে গেলেও বেশির ভাগ জায়গায় জলাবদ্ধতা বিরাজ করছে। পৌরসভার গোবিন্দারখীল এলাকার বাসিন্দা খোরশেদ আলম বলেন, ‘পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টি হলে পটিয়া-কেলিশহর সড়কের আমির ভান্ডার এলাকায় পানি জমে। আর ভারী বৃষ্টি হলে হাঁটু পরিমাণ পানি হওয়ায় এই সড়ক দিয়ে হাঁটাও যায় না।’ পটিয়া খলিলুর রহমান বালিকা উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী সানজিদা খানম বলেন, ‘এলাকায় হাঁটু পরিমাণ পানি থাকায় প্রতিদিনই আমাদের জামা-কাপড় ভিজিয়ে বিদ্যালয়ে যেতে হয়। এ কারণে অনেক সময় বিদ্যালয়ে যেতে ইচ্ছে হয় না।’ পটিয়া উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, গত কয়েক দিনের প্রবল বর্ষণ, পাহাড়ি ঢল ও এলাকার কয়েকটি খালের পানি বেড়ে যাওয়ায় উপজেলার এক হাজার ২০০ হেক্টর আউশ ধান, ৬০ হেক্টর গ্রীষ্মকালীন শাকসবজি পানিতে আংশিক নিমজ্জিত হয়েছে। কুসুমপুরা ইউনিয়নের হরিণখাইন গ্রামের বাসিন্দা বজলুল বারী চৌধুরী জানান, প্রবল বৃষ্টির পানির স্রোতে তাঁর তিন একর আউশ ধান, এক একর জমিতে কচুখেতের সঙ্গে ছাড়া ৪০ হাজার মাছের পোনা পানিতে ভেসে গেছে। এতে তাঁর দুই লাখ টাকা ক্ষতি হয়েছে। পিটিআই-এর পরিদর্শক মোহাম্মদ ফারুক প্রথম আলোকে বলেন, র্দীঘদিন ধরে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় বর্ষাকালে পুরো ক্যাম্পাস পানিতে থৈ থৈ করে। বর্তমানে পিটিআই-এর পুরো মাঠটি ডোবায় পরিণত হয়েছে। এতে শিক্ষার্থীদের চলাফেরায় যেমন সমস্যা হচ্ছে তেমনি হোস্টেলে থাকা শিক্ষার্থীরা বিষাক্ত সাপ, কেঁচো ও পোকামাকড়ের ভয়ে তটস্থ থাকেন। এ ব্যাপারে পৌরসভা চেয়ারম্যানকে জানানো হলেও তারা কোনো উদ্যোগ নেননি।পটিয়া উপজেলা কৃষি কর্মকর্তা শৈবাল কান্তি নন্দী বলেন, ‘বৃষ্টির পানি নেমে গেলে ধান চাষের তেমন ক্ষতি হবে না। তবে শাকসবজির ক্ষতি হবে।’পৌরসভার মেয়র হারুণুর রশিদ বলেন, ‘আমি নিজে দেখে এসেছি মানুষের দুর্ভোগের চিত্র। পৌরসভায় কোনো পরিকল্পনা না থাকায় যে যেখানে পারে সেখানে বাড়িঘর নির্মাণ করায় পানি নিষ্কাশনে বাধাগ্রস্ত হচ্ছে।’ তিনি জানান, পানি কমানোর জন্য নানাভাবে চেষ্টা চলছে। ভবিষ্যতের জন্য একটি মহাপরিকল্পনা তৈরির কাজ এগিয়ে চলছে।