পটিয়ায় বড় দুদলই একক প্রার্থী দিতে ব্যর্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটিয়া উপজেলা পরিষদ নির্বাচনে দুই প্রধান দল আওয়ামী লীগ ও বিএনপি চেয়ারম্যান পদে একক প্রার্থী দিতে ব্যর্থ হয়েছে। দুই দলের স্থানীয় নেতারা একক প্রার্থী দেওয়ার ব্যাপারে দৌড়ঝাঁপ করলেও শেষ পর্যন্ত আওয়ামী লীগের তিনজন ও বিএনপির পাঁচজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ ছাড়া এলডিপি, জাতীয় পার্টি ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে একজন করে মনোনয়নপত্র জমা দেন।
একাধিক প্রার্থী থাকায় শেষ পর্যন্ত নিজ দলের প্রার্থীর জয়ের সম্ভাবনা কমে যাওয়ার আশঙ্কায় হতাশ উভয় দলের সাধারণ নেতা-কর্মীরা।
উপজেলা পরিষদে নির্বাচনের দ্বিতীয় দফায় ২৭ ফেব্রুয়ারি পটিয়া উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে অংশ নেওয়ার লক্ষ্যে ২ ফেব্রুয়ারি মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে চেয়ারম্যান পদে ১১ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ১২ জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে চারজন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
আওয়ামী লীগ: জানা গেছে, আওয়ামী লীগের পক্ষ থেকে একক চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়েছিল। কিন্তু ২ ফেব্রুয়ারি দলের একাধিক ব্যক্তি মনোনয়নপত্র জমা দেওয়ায় মোতাহের চৌধুরী পিছিয়ে যান। শেষ মুহূর্তে নেতারা জরুরি বৈঠক করে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য ও কোলাগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান নাছির আহমদকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নেন।
বর্তমানে নাছির আহমদ ছাড়াও প্রার্থী হিসেবে রয়েছেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক (বর্তমানে ভাইস চেয়ারম্যান) তিমির বরণ চৌধুরী ও দক্ষিণ জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইসলাম আহমদ।
জানতে চাইলে মোতাহেরুল ইসলাম চৌধুরী বলেন, ‘গত উপজেলা পরিষদের নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থী থাকায় আমি পরাজিত হয়েছিলাম। এবারও আমাকে মনোনয়ন দেওয়া হলে একই সঙ্গে অন্য প্রার্থী থাকায় জিতে আসা কঠিন হবে। এ ব্যাপারে বিশেষ করে তিমির বরণ চৌধুরী আমার অনুরোধ না রাখায় আমি মনোনয়নপত্র জমা দিইনি।’
এ বিষয়ে তিমির বরণ চৌধুরী বলেন, ‘কেন্দ্রীয় নেতাদের সিদ্ধান্ত অনুযায়ী উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের তৃণমূল নেতাদের নিয়ে আলোচনার ভিত্তিতে প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করার কথা। সেভাবে না হওয়ায় আমি মনোনয়নপত্র জমা দিয়েছি।’
এ বিষয়ে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান জানান, মোতাহেরুল ইসলাম চৌধুরী মনোনয়নপত্র জমা না দেওয়ায় নাছির আহমদকে মনোনয়ন দেওয়া হয়েছে। পরিস্থিতি দেখে মনোনয়নপত্র প্রত্যাহারের দু-তিন দিন আগেই সংশ্লিষ্ট সাংসদসহ সব পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করে একক প্রার্থী বহাল রাখার উদ্যোগ নেওয়া হবে।
বিএনপি: এদিকে বিএনপি থেকে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন দক্ষিণ জেলা বিএনপির সহসাধারণ সম্পাদক (কুসুমপুরা ইউপি চেয়ারম্যান) রেজাউল করিম, পটিয়া উপজেলা বিএনপির সহসভাপতি মোজাফ্ফর আহমদ, সাধারণ সম্পাদক খোরশেদ আলম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল আমিন ও ছনহরা ইউপির চেয়ারম্যান কামাল উদ্দিন।
দলীয় সূত্র জানায়, দলের পক্ষে পাঁচ ব্যক্তি মনোনয়নপত্র জমা দেওয়ায় সাধারণ নেতা-কর্মীরা হতাশ হয়েছেন। এ নিয়ে ২ ফ্রেব্রুয়ারি দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের নগরের বাসভবনে সব প্রার্থীকে নিয়ে বৈঠক হয়। এতে তিনি আগামী বৃহস্পতিবারের মধ্যে একক প্রার্থীর নাম ঘোষণা করবেন বলে সিদ্ধান্ত হয়। বিষয়টি স্বীকার করেন পটিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খোরশেদুল আলম।
এ ছাড়া এলডিপি থেকে সাবেক পৌর প্রশাসক মোহাম্মদ আলী, স্বতন্ত্র হিসেবে চরলক্ষ্যা ইউপির চেয়ারম্যান মোহাম্মদ আলী ও এস এম এফ আইয়ুব মনোনয়নপত্র জমা দেন। মোহাম্মদ আলী জামায়াতের পৃষ্ঠপোষক বলে এলাকার লোক-জনের সঙ্গে কথা বলে জানা গেছে।