পটিয়ায় ভালো করেছে মোহছেনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়
উপজেলা পর্যায়ে মেধাতালিকায় ভালো ফলাফল করেছে মোহছেনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। এরপর রয়েছে শশাঙ্কমালা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এবার উপজেলা পর্যায়ে ১৩টি বিদ্যালয় থেকে ৪০ জন শিক্ষার্থী পটিয়া থেকে মেধাতালিকায় স্থান পেয়েছে। এর মধ্যে পটিয়া সদরের মোহছেনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ১৩ জন এবং শশাঙ্কমালা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আটজন শিক্ষার্থী মেধাতালিকায় স্থান পেয়েছে। তবে উপজেলা পর্যায়ে মেধাতালিকায় প্রথম স্থান অধিকার করেছে পিটিআই-সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় থেকে সানজিদা খানম। এ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মেধাতালিকায় রয়েছে দুজন শিক্ষার্থী। এবার পটিয়া উপজেলা থেকে ২৬৯টি বিদ্যালয় থেকে আট হাজার ১৯৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে।এর মধ্যে প্রথম বিভাগ পেয়েছে তিন হাজার ৭৪০ জন, দ্বিতীয় বিভাগ পেয়েছে তিন হাজার ২৩০ জন এবং তৃতীয় বিভাগ পেয়েছে ৬২২ জন।উপজেলা পর্যায়ে মেধাতালিকায় প্রথম হওয়া মেধাবী শিক্ষার্থী সানজিদা খানম অভি প্রথম আলোকে বলে, এ ধরনের ফলাফল শুনে খুবই আনন্দ লাগছে। ভালো ফলাফলের জন্য সবচেয়ে কে সহযোগিতা দিতেন জানতে চাইলে সানজিদা জানায়, ‘সব সময় আমার মা আমাকে পড়ালেখার জন্য নিয়ে বসে থাকতেন।’ তার মা-বাবা দুজনই শিক্ষক।মোহছেনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাজমুন নাহার প্রথম আলোকে বলেন, ‘এ ধরনের ফলাফল জেনে এত খুশি হয়েছি, তা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না।’ তিনি বলেন, এটা সব শিক্ষকের পরিশ্রমের ফসল।একই বিদ্যালয়ের উপজেলা পর্যায়ে দ্বিতীয় স্থান অধিকারী শিক্ষার্থী রবিউল হাসনাত জানায়, ‘আমার আম্মু ফোন করে যখন আমার ভালো ফলাফলের খবর দিয়েছেন, তখন আমি খুশিতে লাফ দিয়েছি।’উপজেলা শিক্ষা কর্মকর্তা আতাউর রহমান প্রথম আলোকে বলেন, ‘এ ধরনের ফলাফল দেখে আমি সন্তুষ্ট।’