পটিয়ায় মাদক ব্যবসায়ীর হাতে কিশোর খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটিয়ার দক্ষিণ ভূর্ষি গ্রামে মাদক ব্যবসায়ীর হাতে এক কিশোর খুন হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ স্থানীয় একটি পরিত্যক্ত মন্দিরের ভেতর থেকে জালাল আহম্মদ (১৬) নামে ওই কিশোরের লাশ উদ্ধার করেছে। ১১ জুলাই সকাল নয়টায় পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। জালাল দক্ষিণ ভূর্ষি গ্রামের ছিদ্দিক আহম্মদের চতুর্থ ছেলে। সে ভ্রাম্যমাণ ডোকোরেশনের কাজ করতো। জালালের বড় ভাই আবু তাহের জানান, তাঁর ছোট ভাই ডেকোরেশনের কাজ করে ১০ জুলাই সকালে বাড়িতে এসে ঘুমাচ্ছিল। দুপুর দুইটায় স্থানীয় মাদক ও হেরোইন ব্যবসায়ী আবু সৈয়দ ওরফে টিটু তাঁর ভাইকে ফোন করে ঘুম থেকে ডেকে নিয়ে যায়। জালালকে রাত নয়টা পর্যন্ত টিটুর সঙ্গে স্থানীয় লোকজন ঘোরাফেরা করতে দেখেছেন। রাতে তাঁর ভাই বাড়িতে না আসায় একাধিকবার ফোন করেন কিন্তু মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। পুলিশ ও এলাকাবাসী জানান, সকালে দক্ষিণ ভূর্ষি উচ্চবিদ্যালয়ের পাশে একটি মন্দিরের ভেতর জালালের লাশ দেখা গেছে বলে খবর পাওয়া যায়। পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। অভিযোগে জানা যায়, এক মাস আগে জালালের কাছ থেকে টিটু ২৩ হাজার টাকা ধার নেয়। পাওনা টাকার জন্য টিটুর সঙ্গে জালালের কথা কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে টিটুর সহযোগীরা জালালকে হত্যা করেছে।এ ব্যাপারে জালালের বাবা ছিদ্দিক আহম্মদ বাদী হয়ে ছয়জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। থানার তদন্ত কর্মকর্তা, উপপরিদর্শক আবদুল গফ্ফার বলেন, জালালের সারা শরীরে প্রচুর ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, তাকে মদ পান করিয়ে নেশাগ্রস্ত করে বন্ধুরা হত্যা করেছে। ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে টিটুর মা লায়লা বেগম ওরফে লালনীকে মাদকসহ গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে।