পটিয়ায় মাধ্যমিক বিদ্যালয়ে মডেল টেস্টের নামে ব্যবসা
পটিয়ায় বিভিন্ন বেসরকারি উচ্চবিদ্যালয়ে মডেল টেস্ট পরীক্ষার নামে একটি শিক্ষক সংগঠনের নেতারা ব্যবসা ফেঁদেছেন। সরকারি নিয়মবহির্ভূত হওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে এ মডেল টেস্ট পরীক্ষা বন্ধ রাখার জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সংশ্লিষ্ট বিদ্যালয়প্রধানদের নির্দেশ দেন। এদিকে নির্দেশ উপেক্ষা করে বিদ্যালয়গুলোতে মডেল টেস্ট পরীক্ষা চলছে। শ্রেণীভেদে পাঁচ-ছয়টি বিষয়ে পরীক্ষা নেওয়ার কথা। এর মধ্যে মঙ্গলবার পর্যন্ত চারটি বিষয়ে পরীক্ষা নেওয়া হয়েছে বলে জানা গেছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার ৪৮টি বেসরকারি উচ্চবিদ্যালয়ের মধ্যে ৩০টি বিদ্যালয়ে এ টেস্ট পরীক্ষা গ্রহণের আয়োজন চলছিল। এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও হাইদগাঁও উচ্চবিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক শ্যামল দে ইউএনওর কাছে গত ২৩ এপ্রিল লিখিত অভিযোগ দেন। অভিযোগ তদন্তের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দায়িত্ব দেন ইউএনও। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয়ের গত ১২ ফেব্রুয়ারি জারি করা পরিপত্রে দেশের সব বিদ্যালয়ে বছরে তিনটির স্থলে অর্ধবার্ষিক ও বার্ষিক এই দুটি পরীক্ষা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। সে অনুযায়ী চলতি বছর ৯ জুন থেকে অর্ধবার্ষিক ও ২১ নভেম্বর থেকে বার্ষিক পরীক্ষা নেওয়া হবে। কিন্তু সরকারি পরিপত্রের বাইরে বাংলাদেশ শিক্ষক সমিতির একাংশ (কামরুজ্জামান গ্রুপ) উপজেলার ৩২টি উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে ২ মে থেকে মডেল টেস্ট পরীক্ষা নামে একটি পরীক্ষা গ্রহণের উদ্যোগ নেয়। এ জন্য শিক্ষার্থীদের কাছ থেকে শ্রেণীভেদে ৫০ থেকে ১২০ টাকা পর্যন্ত ফি আদায় করা হয়। কেলিশহর উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর একজন শিক্ষার্থীর বাবা মো. ইউনূস মিয়া জানান, তাঁর মেয়ের কথিত মডেল টেস্ট পরীক্ষার জন্য ১২০ টাকা ফি নেওয়া হয়েছে। পরীক্ষা না হলে টাকা ফেরত দেওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন। একাধিক শিক্ষক ও অভিভাবকের অভিমত, অর্ধবার্ষিক পরীক্ষার এক মাস আগে অর্থাৎ ২ মে থেকে এই মডেল টেস্ট পরীক্ষা নেওয়ার কোনো যুক্তি নেই। সরকারি সিদ্ধান্তের বাইরে আরেকটি মডেল টেস্ট পরীক্ষার নামে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা আদায়ের মাধ্যমে সংশ্লিষ্ট শিক্ষকেরা ভাগবাঁটোয়ারা করছেন বলে তাঁরা মন্তব্য করেন। উপজেলা শিক্ষক সমিতির (কামরুজ্জামান) সভাপতি ও দক্ষিণ ভূর্ষি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ‘আমরা শিক্ষক সমিতির নামে সাংগঠনিকভাবে এই পরীক্ষা নিচ্ছি না। সমমনা বিদ্যালয়ের প্রধানেরা বৈঠক করে এই পরীক্ষা নেওয়ার উদ্যোগ নিয়েছি।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বর্তমানে ষষ্ঠ থেকে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের প্রশ্নপত্রে যেভাবে সৃজনশীল প্রশ্ন দেওয়া হচ্ছে, তা শিক্ষার্থীরা ভালোভাবে বুঝতে পারছে না। তাই তাদের ভালোভাবে ধারণা দেওয়ার লক্ষ্যে এই পরীক্ষা নেওয়ার উদ্যোগ নিয়েছি।’ জানতে চাইলে ইউএনও রোকেয়া পারভীন প্রথম আলোকে বলেন, ‘বর্তমানে এ ধরনের মডেল টেস্ট পরীক্ষা নেওয়ার নিয়ম নেই। সরকারি নিয়ম হচ্ছে বছরে দুটি পরীক্ষা হবে। এ ব্যাপারে অভিযোগ প্রমাণিত হওয়ায় এ পরীক্ষা বন্ধ করার জন্য ২ মে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দিয়েছি।’ জানা গেছে, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদ তালুকদার ইউএনওর নির্দেশনা অনুযায়ী তদন্তের পর সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোকে পরীক্ষা না নেওয়ার জন্য বলে দেন। কিন্তু নির্দেশ উপেক্ষা করে বিদ্যালয়গুলোতে মডেল টেস্ট পরীক্ষা নেওয়া হচ্ছে। শিক্ষক সমিতির কর্মকর্তা শ্যামল দে বিষয়টি ৪ মে রাতে সাংসদ সামশুল হক চৌধুরীকে জানালে সাংসদ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ইউএনওকে নির্দেশ দেন। জানা গেছে, ইউএনওর নির্দেশে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ৭ মে তাঁর কার্যালয়ে সংশ্লিষ্ট বিদ্যালয় প্রধানদের শুনানির জন্য তলব করেন। এতে শিক্ষক সমিতির নেতারা জানান, ফি নিয়ে প্রশ্নপত্র তৈরিসহ সব আয়োজন শেষ হওয়ার পর পরীক্ষা না নিয়ে উপায় ছিল না। শিক্ষা কর্মকর্তা বলেন, ‘সংশ্লিষ্ট শিক্ষকদের পরীক্ষা নিয়ে আয়-ব্যয়ের হিসাব, পরীক্ষা গ্রহণের ব্যাপারে বিদ্যালয় পরিচালনা কমিটি এবং অভিভাবকদের মতামত লিখিতভাবে জানানোর নির্দেশ দিয়েছি।’