পটিয়ায় যৌতুকের জন্য গৃহবধূ নির্যাতন
পটিয়া উপজেলার আশিয়া ইউনিয়নের মল্লপাড়া গ্রামে এক গৃহবধূকে যৌতুকের জন্য স্বামী, শাশুড়ি ও দেবর মিলে নির্যাতন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই গৃহবধূকে পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে এনে তাঁর বাবার হেফাজতে দিয়েছেন। ঘটনাটি ঘটেছে ১৭ নভেম্বর রাতে পটিয়া উপজেলার আশিয়া ইউনিয়নের মল্লপাড়া গ্রামে আবদুস সবুরের বাড়িতে। অভিযোগে জানা যায়, ২০০৪ সালে পটিয়া উপজেলার মনসা গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে নাসরিন সুলতানার (২৯) সঙ্গে একই উপজেলার আশিয়া ইউনিয়নের মল্লপাড়া গ্রামের আবদুস সবুরের পুত্র মোজাম্মেল হকের সামাজিকভাবে বিয়ে হয়। ২০১০ সাল থেকে মোজাম্মেল ব্যবসার নামে স্ত্রীর কাছে ৫০ হাজার টাকা যৌতুক দাবি করেন। মেয়ের সুখের কথা চিন্তা করে সিরাজুল ইসলাম ওই সময় মোজাম্মেলকে নগদ ২০ হাজার টাকা তুলে দেন। এর কিছুদিন পর থেকে নাসরিনের স্বামী, শাশুড়ি ও দেবর মিলে আবারও ১৫ হাজার টাকা এনে দেওয়ার জন্য চাপ দেয়। ১৭ নভেম্বর রাতে এ নিয়ে তর্কাতর্কির একপর্যায়ে নাসরিন আর কোনো টাকা আনতে অপারগতা জানালে তিনজনে মিলে তাঁকে (নাসরিনকে) লাঠি দিয়ে মারধর ও দা দিয়ে মাথায় আঘাত করে।সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘ওই দিন আমার মেয়েকে নির্যাতনের পর তার শাশুড়ি জহুরা খাতুন ফোনে মিথ্যা তথ্য দিয়ে আমাকে দ্রুত তাঁদের বাড়িতে যেতে বলেন। রাতে আমি কয়েকজন আত্মীয়সহ অটোরিকশা করে তাঁদের বাড়ি গিয়ে দেখি মেয়েকে বেদম মারধর ও আঘাত করে আটকে রাখা হয়েছে। ওই সময় তাঁরা আমাদেরও ঘরে আটকে রেখে ডাকাত ডাকাত বলে চিৎকার করে বেকায়দায় ফেলার চেষ্টা করে। আমরা কৌশলে আপস-মীমাংসার কথা বলে ওই বাড়ি থেকে পালিয়ে এসে পুলিশে খবর দিই। পরদিন পুলিশ এসে রক্তাক্ত অবস্থায় মেয়েকে উদ্ধার করে পটিয়া হাসপাতালে ভর্তি করে।’ মুঠোফোনে যোগাযোগ করা হলে নাসরিনের স্বামী মোজাম্মেল হক বলেন, ‘ব্যবসা করার জন্য আমার শ্বশুর ২০১০ সালে আমাকে ২০ হাজার টাকা দিয়েছিলেন। এরই মধ্যে পাঁচ হাজার টাকা করে দুই কিস্তিতে ১০ হাজার টাকা ফেরত দিয়েছি। সম্প্রতি সে (স্ত্রী) আমার দুটি তাবিজ হারিয়ে ফেলে। সেগুলো না পাওয়ায় তাকে দুটি থাপ্পড় দিই। এতে সে রাগ করে নিজে নিজে দায়ের কোপ খেয়েছে।’ এ ব্যাপারে সিরাজুল ইসলাম বাদী হয়ে মোজাম্মেল হকসহ তিনজনের বিরুদ্ধে পটিয়া থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেছেন।