পটিয়ায় শেষ হলো তিন দিনের বইমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটিয়া মনসা স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত বইমেলার একটি স্টলে বই ​দেখছে শিক্ষার্থীরা l প্রথম আলো
পটিয়া মনসা স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত বইমেলার একটি স্টলে বই ​দেখছে শিক্ষার্থীরা l প্রথম আলো

পটিয়া মনসা স্কুল অ্যান্ড কলেজ ও ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার যৌথ উদ্যোগে আয়োজিত তিন দিনের বইমেলা ২২ ফেব্রুয়ারি শেষ হয়েছে। কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ মেলা শুরু হয় ২০ ফেব্রুয়ারি। মেলা উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ নুরুল আলম ফারুকী।
আয়োজকেরা জানান, মেলায় প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন বয়সী পাঠকের ভিড় ছিল। এতে সাতটি স্টল স্থান পায়। এ ছাড়া স্কুল অ্যান্ড কলেজের সাংস্কৃতিক দলের পরিবেশনায় প্রতিদিন পরিবেশিত হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।
কলেজ সূত্র জানায়, কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও টি কে গ্রুপের চেয়ারম্যান আবু তৈয়বের অনুপ্রেরণায় ২০১২ সাল থেকে ফেব্রুয়ারি মাসে বইমেলা আয়োজন করা হচ্ছে। বইয়ের স্টলগুলোও কলেজ ও মাদ্রাসার শিক্ষকেরাই পরিচালনা করেন।
২২ ফেব্রুয়ারি দুপুরে মেলায় গিয়ে দেখা গেছে, স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থী ছাড়াও গ্রামের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এসে মেলা থেকে বই কিনে নিয়ে যাচ্ছেন। স্টলগুলোয় শিশু-কিশোর, সাহিত্য, সংস্কৃতি, স্বাধীনতার ইতিহাস, প্রবন্ধসহ বিভিন্ন প্রগতিশীল লেখকদের প্রচুর বই রয়েছে।
স্কুল অ্যান্ড কলেজের অধ্যাপক আবুল মনছুর বলেন, মেলায় শিশুতোষ বই বেশি বিক্রি হয়েছে। পাশাপাশি গল্প, প্রবন্ধ ও উপন্যাসের বইয়ের বিক্রিও ভালো ছিল।
কথা হয় মেলায় আসা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী অনিকা চক্রবর্তীর সঙ্গে। সে বলে, ‘প্রতিদিন মেলায় এসেছি। অনেক ধরনের বই দেখার সুযোগ হয়েছে। আমি চারটি বই কিনেছি।’
স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নুরুল আলম ফারুকী বলেন, বইমেলা আয়োজন করার প্রধান উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীসহ এলাকার মানুষের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা। জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠা, অসাম্প্রদায়িক চেতনার বিকাশ ও প্রকৃত ধর্মীয় মূল্যবোধ সৃষ্টি করতে হলে ভালো বইয়ের কোনো বিকল্প নেই।
মেলার সমাপনী দিনে বিদ্যালয় ও কলেজের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।