ঈদ উপলক্ষে পটিয়ার বিপণিকেন্দ্রগুলো সাজানো হয়েছে নতুন নতুন সব পোশাক ও মনোহারী পণ্য দিয়ে। দেশি-বিদেশি নানা রং ও নকশার মনকাড়া সব পোশাকের সমাবেশ ঘটেছে এসব দোকানে। বেচাকেনা মন্দ নয় উল্লেখ করে দোকানিরা জানিয়েছেন, দুই-এক দিনের মধ্যেই জমজমাট হয়ে উঠবে বাজার। তবে গত বছরের তুলনায় এ বছর সব জিনিসের দাম অনেক বেশি। গত শুক্রবার বিভিন্ন দোকানের ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে আলাপ করে জানা গেছে, এবার গরমে আরামদায়ক পোশাক হিসেবে সুতির শাড়ি ও থ্রি-পিসের চাহিদাই সবচেয়ে বেশি। শাড়ির মধ্যে সবচেয়ে বেশি চাহিদা রয়েছে বৈচিত্র্যপূর্ণ হাতের কাজ করা জর্জেটের টিস্যু ও নেটর শাড়ির।দোকানিরা জানান, চট্টগ্রাম মহানগরের পর দক্ষিণ চট্টগ্রামের সবচেয়ে বড় বাজার হচ্ছে পটিয়া। নগরে যেসব জিনিস পাওয়া যাচ্ছে, তার সবগুলোই এখানকার দোকানগুলোতে মিলছে। দামও তুলনামূলক কম। তাই দক্ষিণ চট্টগ্রামের অন্য উপজেলা থেকেও অনেকে পরিবারের সদস্যদের নিয়ে পটিয়া শহরে আসেন ঈদের কেনাকাটার জন্য।শহীদ ছবুর রোডের আলম প্লাজার স্বর্ণা শাড়ি কালেকশনে জর্জেট ও সিল্কের ওপর হাতের কারুকাজ করা ক্র্যাপ শাড়ি ২১ হাজার টাকায়, পাথর দিয়ে হাতের কারুকাজ করা লেহাঙ্গা ১৯ হাজার টাকা, জামদানি আট হাজার ৫০০ টাকা দাম হাঁকা হচ্ছে। থ্রি-পিসের মধ্যে নেটের ওপর পাথরের কাজ করা জিগার ১১ হাজার ৫০০ টাকা, দুলহান ১৩ হাজার টাকা, বাঙালি কাতান জর্জেটের মধ্যে জারদৌসি কাজ করা ২০ হাজার টাকা এবং প্রিয়সীর নয় হাজার ৫০০ টাকা দাম চাওয়া হয়েছে। দোকানের বিক্রয়কর্মী মোহাম্মদ মানিক ও শাকিল জানান, চট্টগ্রাম শহরে যে পণ্য পাওয়া যাচ্ছে, তাদের দোকানেও সে রকম পণ্য তুলনামূলক কম দামে বিক্রি হচ্ছে।শাহ আমির মার্কেটের আয়ুব ব্রাদ্রার্সের মালিক মোহাম্মদ এয়াকুব জানান, তাঁর দোকানে সুতির জামদানি, কাতান, টাঙ্গাইলের জামদানি, নেট কাতান জর্জেট, সিমার জর্জেট, গ্লাস টিস্যু শাড়ির আকর্ষণ সবচেয়ে বেশি। সুতির জামদানি সাত হাজার, সুতি কাতান দু-তিন হাজার, হাতের কাজ করা টাঙ্গাইল জামদানি ৭০০ থেকে এক হাজার ৮০০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। এ ছাড়া প্রতিটি দোকানে ছোট বাচ্চাদের নানা ধরনের প্যান্ট, শার্ট, ফতুয়া, পাঞ্জাবি পাওয়া যাচ্ছে। এগুলোর দাম ৫০০ থেকে ১২০০ টাকা। পটিয়া রহমান মার্কেটে ফ্যাশন প্লাজায় এসেছিলেন স্থানীয় রাজনীতিক মোজাফ্ফর আহম্মদ তাঁর দুই মেয়েকে নিয়ে। তিনি বলেন, ‘এবার কাপড়ের দাম খুব বেশি। যে রকম নকশা ও কাপড়ের থ্রি-পিস গত বছর ৮০০ টাকায় কিনেছি, একই রকমের থ্রি-পিস এ বছর কিনেছি এক হাজার ৪০০ টাকায়। নিজের জন্য না হলেও ছেলেমেয়েদের জন্য কিনতে তো হচ্ছে।’ চৌধুরী মার্কেটের আবরণী ক্লথ স্টোরের মালিক সমীরণ দে মূল্যবৃদ্ধির কথা স্বীকার করে বলেন, এবার প্রতিটি কাপড়ের দাম বেড়েছে। গত বছরের ৩০০ টাকার শাড়ি এবার ৪৫০ থেকে ৫০০ টাকায় বিক্রি করতে হচ্ছে।